এক সময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন। বর্তমানে হলিউডেও পসার জমিয়েছেন। কিন্তু বড়পর্দায় তাঁর হাতেখড়ি হয়েছিল তলপতি বিজয়ের হাত ধরে। সেই নায়কই অভিনয় থেকে দূরে গিয়ে বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
দীর্ঘ টানাপড়েনের পর রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজয়। ১০ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন তিনি। তিন দশকের কেরিয়ারে নামের পাশে ‘তলপতি’ জুড়ে ফেলেন তিনি। বিজয়ের সঙ্গে অভিনয় করে পেশাজীবনে মাইলফলক গড়েছেন বহু দক্ষিণী অভিনেত্রী। তবে, সেই তালিকায় রয়েছেন বলিউডের এক অভিনেত্রীও। তিনি প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
২০০০ সালে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন প্রিয়ঙ্কা। ‘সেরা সুন্দরী’র খেতাব জয় করার ফলে রাতারাতি বিনোদনজগতের নজরে পড়েছিলেন তিনি। বলিউডের কয়েক জন ছবিনির্মাতা প্রিয়ঙ্কাকে তাঁদের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাবও দিতে শুরু করেছিলেন।
বলিপাড়া সূত্রে খবর, প্রিয়ঙ্কা কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও সেই কাজগুলি শুরু হতে প্রচুর সময় লেগেছিল। কিছু কাজ আলোচনার পর্যায় দাঁড়িয়েছিল। কেরিয়ারের শুরুতে এই অনিশ্চয়তা চাননি প্রিয়ঙ্কা। তাই হাতের নাগালে প্রথম কাজের সুযোগ পাওয়া মাত্রই রাজি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
শোনা যায়, ২০০০ সালে বহু দক্ষিণী পরিচালক এবং প্রযোজক তাঁদের ছবির জন্য নতুন প্রতিভার সন্ধান করছিলেন। সেই সময় সৌন্দর্য প্রতিযোগিতায় প্রিয়ঙ্কার জয় তাঁদের নজর কেড়েছিল। তাই ‘তামিজান’ ছবির পরিচালক আবদুল মাজিদ এবং প্রযোজক জি ভেঙ্কটেশ্বরন তাঁদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রিয়ঙ্কাকে। বড়পর্দায় অভিনয়ের প্রথম সুযোগ পেয়ে রাজিও হয়ে যান অভিনেত্রী।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘তামিজান’ ছিল প্রিয়াঙ্কার কেরিয়ারের প্রথম ছবি। এই ছবিতে তিনি দক্ষিণী মেগাস্টার তথা বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিপরীতে অভিনয় করেন। প্রিয়ঙ্কা তামিল ভাষায় একেবারেই সড়গড় ছিলেন না। তবে তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং শেখার আগ্রহ ছবিনির্মাতাদের মুগ্ধ করেছিল। ছবির সংলাপ না বুঝেই মুখস্থ করে ফেলেছিলেন প্রিয়ঙ্কা। এমনকি, ডাবিংয়ের সময়েও কঠোর পরিশ্রম করে কাজ শেষ করেছিলেন তিনি।
২০১২ সালে ‘ইন মাই সিটি’ গানের মাধ্যমে আন্তর্জাতিক গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়ঙ্কা। অধিকাংশের ধারণা, ইংরেজি ভাষায় গান গেয়েই অভিনেত্রী তাঁর গায়িকা সত্ত্বা প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু তাঁর গায়কীর সূচনা হয়েছিল বিজয়ের ছবিতে গান গেয়েই।
‘তামিজান’ ছবির সুরকার ছিলেন ডি ইম্মান। প্রিয়ঙ্কা যে ভাল গাইতে পারেন, তা জানতে পেরেছিলেন দক্ষিণী সঙ্গীতনির্মাতা। কেরিয়ারের প্রথম ছবিতেই গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন প্রিয়ঙ্কা। ‘তামিজান’ ছবির ‘উল্লাথাই কিল্লাথে’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী। প্রিয়ঙ্কার সঙ্গে সেই গানে গলা মিলিয়েছিলেন বিজয়ও। সেই সময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।
২০০৩ সালে ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন প্রিয়ঙ্কা। মডেলিংজগতের সঙ্গে যুক্ত থাকাকালীন অসীম মার্চেন্ট নামের এক মডেল-অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল প্রিয়ঙ্কার। একাংশের দাবি, বলিউডে কাজ শুরু করার পর অসীমের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ২০০২ সালে প্রিয়ঙ্কা এবং অসীমের বিচ্ছেদ হয়ে যায়।
বলিউডে কেরিয়ার শুরু হওয়ার পর থেকেই একের পর এক বলি অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে পড়তে থাকে প্রিয়ঙ্কার। ২০০৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লভ স্টোরি ২০৫০’। বলিপাড়া সূত্রে খবর, সেই ছবির সহ-অভিনেতা হরমন বাওয়েজাকে ডেট করছিলেন প্রিয়ঙ্কা।
গুঞ্জন, ‘লভ স্টোরি ২০৫০’ ছবির শুটিং চলাকালীন হরমনের সঙ্গে পরিচয় হয়েছিল প্রিয়ঙ্কার। টানা দু’বছর সম্পর্কেও ছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক পরে ভেঙে যায়। হরমন সেই প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘প্রিয়ঙ্কা আমার কাছে সময় চাইত। কিন্তু আমিই সময় দিতে পারতাম না। সম্পর্কে ভাঙন ধরার দায় আমারই।’’
বলি অভিনেতা শাহিদ কপূরের সঙ্গেও নাম জড়িয়ে পড়েছিল প্রিয়ঙ্কার। ‘কামিনে’, ‘তেরি মেরি কহানি’ নামের একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। ২০১১ সালে অভিনেত্রীর বাড়িতে আয়কর বিভাগের আধিকারিকেরা তল্লাশি অভিযানে এলে প্রিয়ঙ্কার সাহায্যের জন্য তৎক্ষণাৎ সেখানে হাজির হয়েছিলেন শাহিদ। পরে অবশ্য প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, শাহিদ তাঁর খুব ভাল বন্ধু এবং তাঁর বাড়ি থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে থাকতেন বলেই শাহিদকে ফোন করে ডেকেছিলেন তিনি।
‘আন্দাজ়’, ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘এইতরাজ’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করতে গিয়ে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়ঙ্কার রসায়ন জমে ওঠে বলে শোনা যেতে থাকে। বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে, প্রিয়ঙ্কার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অক্ষয়। সেই খবর অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্নার কাছে পৌঁছোতেই তিনি প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে নিষেধ করে দেন অক্ষয়কে। তার পর থেকে কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি দুই তারকাকে।
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্ক বিনোদনজগতের বিতর্কিত এবং আলোচিত অধ্যায়ের মধ্যে অন্যতম। জনশ্রুতি, ‘ডন’ এবং ‘ডন ২’ ছবিতে কাজের সময় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে প্রিয়ঙ্কার। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের ‘বিশেষ’ মেলামেশা নিয়ে জল্পনা তৈরি হতে থাকে।
কানাঘুষো শোনা যেতে থাকে, শাহরুখের ব্যবহৃত একটি জ্যাকেট স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। শোনা যায়, নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি শাহরুখের স্ত্রী গৌরী খান মেনে নিতে পারেননি। গৌরীর ঘনিষ্ঠ বন্ধুবলয়ও এই ‘পরকীয়া’ সম্পর্কের বিরোধিতা করেছিল। তার প্রভাব পড়েছিল প্রিয়ঙ্কার পেশাজীবনে। গুঞ্জন শোনা যায়, গৌরীর নিষেধ থাকায় বলিউডে কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী। তাই তিনি রাতারাতি হলিউডে পাড়ি দেন।
হলিউডে কেরিয়ার গড়ে তোলার সময় প্রিয়ঙ্কার নাম জড়িয়ে পড়েছিল ‘লোকি’ খ্যাত টম হিডেলস্টনের সঙ্গে। ২০১৬ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলি অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে দেখা যায় প্রিয়ঙ্কাকে। পরে অবশ্য অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, টমের সঙ্গে মাত্র ১৫ মিনিট কথা বলেছিলেন তিনি। তাঁদের মধ্যে শুধুমাত্র পেশাদারিত্বের সম্পর্কই রয়েছে।
২০১৮ সালের ডিসেম্বরে আমেরিকার জনপ্রিয় পপ তারকা ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়ঙ্কা। বিয়ের তিন বছরের মাথায় কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। বহু বছর ধরে কোনও হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি প্রিয়ঙ্কাকে।
বলিপাড়া সূত্রে খবর, বর্তমানে হলিউডে কেরিয়ার গড়া নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। বিয়ের পর স্বামী এবং কন্যার সঙ্গে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছেন অভিনেত্রী।
সব ছবি: সংগৃহীত।