Bottle Gourd Soup

ক্যাফে রেস্তরাঁর মতো মখমলে স্যুপ বাড়িতে বানানো যাবে লাউ দিয়ে! স্বাদের পাশাপাশি ভাল হবে স্বাস্থ্যও

স্বাস্থ্যগুণ নিয়ে কথা হবে না। লাউ দিয়ে তৈরি স্যুপ তাই যেকোনও স্বাস্থ্য সচেতন ডায়েটের অংশ হতে পারে। হতে পারে ওজন কমানোর সহায়কও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:৪৫

ছবি : সংগৃহীত।

মখমলের মতো মসৃণ। ক্রিমের মতো ঘন ভাব। স্বাদ এতটাই ভাল যে, গরমাগরম এক চামচ মুখে দিলে বিরিয়ানির কথাও ভুলতে হবে। অথচ রান্নাটি মুখরোচক খাবারের পর্যায়ে পড়ে না। বরং অনেক বেশি রোগের পথ্য হিসাবে খাওয়া হয় স্যুপ। তবে এই স্যুপটি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে।

Advertisement

স্বাস্থ্যগুণ নিয়ে কথা হবে না। কারণ এতে পড়ে লাউ, ব্রকোলি, কাঠবাদাম, রসুনের মতো শরীর সারানোর উপকরণ। লাউ দিয়ে তৈরি স্যুপ তাই যে কোনও স্বাস্থ্যসচেতন ডায়েটের অংশ হতে পারে। হতে পারে ওজন কমানোর সহায়কও।

কী ভাবে বানাবেন?

উপকরণ: ৩ টেবিল চামচ বাদামতেল

৩ গাঁট মাপের দারচিনির টুকরো

২টি ছোটএলাচ থেঁতো করা

৩-৪টি কাঁচালঙ্কাকুচি

৩টি তেজপাতা

৮-১০ কোয়া রসুন মোটা করে কুচোনো

১৫০ গ্রাম পেঁয়াজ সরু করে কাটা

৫০০ গ্রাম লাউ টুকরো করে কাটা

৭০ গ্রাম আলু ছোট টুকরোয় কাটা

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

দেড় চা চামচ নুন

১ লিটার জল

৭০ গ্রাম ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে বেটে নেওয়া

১০-১২টি ব্রকোলির টুকরো

একটি পুরু তল বিশিষ্ট কড়া বা প্যানে মাঝারি আঁচে তেল গরম করে গোটা গরমমশলা (দারচিনি, এলাচ, তেজপাতা) দিয়ে পেঁয়াজ, রসুন এবং লঙ্কা ভাজতে দিন। নরম হয়ে এলে দিয়ে দিন লাউয়ের টুকরো, আলু, নুন, মরিচ এবং হালকা নাড়তে থাকুন।

৩-৪ মিনিট নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে রান্না হতে দিন। লাউ থেকে জল ছাড়বে। তার পরে আবার শুকিয়েও যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে একটু নেড়েচেড়ে দিতে হবে। লাউয়ের রং হালকা বাদামি হয়ে এলে আঁচ বন্ধ করুন।

প্যান থেকে তেজপাতা আর দারচিনি বার করে নিন। তার পরে মেশান জল। এ বার ওই মিশ্রণের তিন-চতুর্থাংশ নিয়ে ব্লেন্ডারে বেটে নিন।

বাকি এক চতুর্থাংশ সমেত আবার প্যান আঁচে বসান। তার মধ্যে মিশিয়ে দিন বেটে নেওয়া লাউয়ের মিশ্রণ। বেটে নেওয়া কাঠবাদাম। প্রয়োজন হলে এতে সামান্য জল দিয়ে তার পরে ফুটিয়ে নিন।

এ বার ব্রকোলির টুকরোগুলো ভাপিয়ে সামান্য ঘি, মাখন বা অলিভ অয়েলে ভেজে তুলে নিন। স্যুপের উপর ব্রকোলি আর সামান্য মাখন বা অলিভ অয়েল ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন