Potato Noodles

ময়দা নয়, আলুর নুড‌্লে মজেছেন খাদ্যপ্রেমীরা! ‘মিষ্টি’ দেখতে নোনতা খাবার চেখে দেখুন আপনিও

মুখে দিলে গলে যাওয়া নুড‌্ল, তাতে অদ্ভুত টক-ঝাল-মিষ্টি স্বাদ। খানিক ইন্দো-চিনা স্বাদের প্রভাবও রয়েছে। বাড়তি পাওনা—খাবারটি দেখতেও বেজায় ‘মিষ্টি’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭

ছবি : সংগৃহীত।

খেতে কেমন, সে কথা পরের! এ খাবার দেখলেও ভাল হয়ে যাবে মন। মুখের সামনে সাজিয়ে দিলেই টপ করে মুখে পুরে ফেলতে ইচ্ছে করবে। এমনই গোলগাল নধর গড়ন। অথচ জিনিসটি এক ধরনের নুড‌্ল। আলু দিয়ে তৈরি নুড্ল। ব্যাপারটা খানিকটা ইটালির আলুর পাস্তা নওকি-র মতো। তবে এই নুড‌্লটি হালে জনপ্রিয় হয়েছে সমাজ মাধ্যমে। নাম দেওয়া হয়েছে পোট্যাটো বাটন নুড‌্লস। আবার কেউ কেউ একে পোট্যাটো ড্রপ নুড‌্লসও বলছেন।

Advertisement

এ হেন নুড‌্ল বাড়িতে বানিয়ে তা দিয়ে এক বিশেষ রান্না রাঁধছেন প্রভাবীরা। নতুন সেই রান্নার নাম চিলি ক্রিস্প পোট্যাটো নুড‌্ল। রান্নাটি তৈরি করা যত সহজ, ততটাই সুস্বাদু। মুখে দিলে গলে যাওয়া নুড‌্ল, তাতে অদ্ভুক টক-ঝাল-মিষ্টি স্বাদ। খানিক ইন্দো-চিনা স্বাদের প্রভাবও রয়েছে। বাড়তি পাওনা—খাবারটি দেখতেও বেজায় ‘মিষ্টি’। আবার ময়দার নুড‌্লের থেকে বেশি স্বাস্থ্যকরও।

কী ভাবে বানাবেন?

উপকরণ: নুড‌্লসের জন্য—

২৫০ গ্রাম বড় গোল আলু

১৫০ গ্রাম কর্ন স্টার্চ বা পোট্যাটো স্টার্চ

প্রয়োজন অনুযায়ী জল

চিলি অয়েলের জন্য—

১ টেবিল চামচ চাইনিজ চিলি পাউডার বা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কড়াইয়ে হালকা নেড়ে দানা ভাব বজায় রেখে গুঁড়িয়ে নেওয়া

১ টেবিল চামচ রসুনকুচি

১ টেবিল চামচ সাদা তিল

১ টেবিল চামচ পেঁয়াজকলিকুচি

২ টেবিল চামচ রান্নার তেল

১ টেবিল চামচ সয়া সস

১ চা চামচ চিনি

১ চা চামচ অয়েস্টার সস

প্রস্তুত প্রণালী

আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। ফুটন্ত জলে ১০-১৫ মিনিট বা আলু একেবারে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।

আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। একটি কাঁটাচামচ দিয়ে ভাল ভাবে চটকে নিন, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এ বার ওর সঙ্গে মিশিয়ে নিন পোট্যাটো স্টার্চ বা কর্ন স্টার্চ।

মিশ্রণটিতে প্রয়োজন মতো জল দিয়ে ভাল ভাবে মাখতে হবে। মাথা হয়ে গেলে মণ্ডটি থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে বলের আকারে গড়ে নিন। তার পরে মাঝখানে বোতামের মতো গর্ত করে নিলেই তৈরি পোট্যাটো বাটন নুড্ল।

এর পরে ওই নুড‌্ল জলে ফুটিয়ে নেওয়ার পালা। একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে উঠলে ফুটন্ত জলে আলুর বলগুলো ছেড়ে দিন। প্রায় ৫ মিনিট সেদ্ধ করুন। নুড‌্লগুলো জলের উপরে ভেসে উঠলে বুঝবেন, সেদ্ধ হয়ে গিয়েছে। আঁচ বন্ধ করে ছোট সাঞ্চার সাহায্যে জল ঝরিয়ে নুড্লগুলো তুলে নিন।

পরের পর্ব ক্রিস্পি চিলি অয়েল তৈরির। একটি বাটিতে চিলি পাউডার বা চিলি ফ্লেক্স, রসুনকুচি, সাদা তিল এবং কুচনো পেঁয়াজকলি নিন। এ বার তেল খুব ভাল ভাবে গরম করে মশলার উপর ঢেলে দিন।

এর পরে ওই মশলার মিশ্রণে একে একে দিতে হবে, সয়া সস, চিনি এবং অয়েস্টার সস। ভাল ভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা পোট্যাটো নুড‌্লস। চিলি অয়েল আর সসের সঙ্গে ভাল করে মাখিয়ে নিলেই তৈরি চিলি ক্রিস্প পোট্যাটো বাটন নুড‌্লস!

টিপস

যদি আপনার কাছে পোট্যাটো স্টার্চ না থাকে, তবে বিকল্প হিসেবে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাতে অবশ্য টেক্সচারে সামান্য তফাত হতে পারে।

Advertisement
আরও পড়ুন