Shoshar Shukto

গরমে পেট ঠান্ডা রাখতে রাঁধুন শসার শুক্তো! মুখরোচক আবার স্বাস্থ্যকরও যে রান্না

রান্নাটি হয় শসা আর মটর ডালের বড়া দিয়ে। চাইলে এই গ্রীষ্মে শসার শুক্তো রেঁধে খেতে পারেন আপনিও। কী ভাবে বানাবেন, শিখে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১২:৪০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

শুক্তো। তবে ডাঁটা, উচ্ছে, বড়ি দিয়ে নয়। স্বাদ বড় একটা তেঁতোও নয়। এ শুক্তো গরমের দুপুরে পেটে শীতলপাটি বিছিয়ে দেওয়ার মতো ঠান্ডা। কারণ রান্নাটি হয় শসা দিয়ে। বড়ির বদলি হিসাবে থাকে মটর ডালের বড়া। যার স্বাদ আরও বেশি। এই গ্রীষ্মে শসার শুক্তো রেঁধে খেতে পারেন আপনিও। কী ভাবে বানাবেন, শিখে নিন।

Advertisement

উপকরণ:

১ কাপ মটর ডাল ভিজিয়ে রাখা

২-৩টি শসা সামান্য মোটা টুকরো করে কাটা

১ টেবিল চামচ আদা বাটা

২-৩ টি কাঁচা লঙ্কা

১ টি তেজপাতা

২ টি শুকনো লঙ্কা

১ চা চামচ পাঁচফোড়ন

১ টেবিল চামচ কালো সর্ষে থেঁতো করা

১ টেবিল চামচ শুক্তো মশলা

১ কাপ দুধ

১ চা চামচ ময়দা

১-২ টেবিল চামচ ঘি

২ টেবিল চামচ চিনি

স্বাদমতো নুন

ভাজার জন্য সরষের তেল

২ বাটি জল

প্রণালী:

আগের রাতে ভিজিয়ে রাখা মটর ডাল, আদা, কাঁচা লঙ্কা এবং খুব সামান্য জল দিয়ে একটি আধ-বাটা পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণে নুন ও সামান্য চিনি দিয়ে অন্তত ৫ মিনিট ভাল করে ফেটিয়ে নিন যাতে বড়াগুলো নরম হয়। কড়াইতে সরষের তেল গরম করে ছোট ছোট ডালের বড়া বা ফুলুরি লালচে করে ভেজে তুলুন।

এ বার বড়ি ভাজার অবশিষ্ট তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং থেঁতো করা কালো সর্ষে ফোঁড়ন দিন। একটু ভাজা হলে আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করুন। এবার ডুমো করে কাটা শসা ও নুন দিয়ে দিন। মিনিট পাঁচেক রান্না করুন।

একটি ছোট বাটিতে সামান্য জলে শুক্তো মশলা গুলে কড়াইতে দিয়ে দিন এবং সবকিছুর সঙ্গে ২ মিনিট কষিয়ে নিন। অন্য একটি পাত্রে দুধের সঙ্গে ১ চা চামচ ময়দা ভাল করে মিশিয়ে নিন। এই দুধের মিশ্রণ এবং ২ বাটি জল কড়াইতে দিয়ে দিন। সঙ্গে দিন ২ টেবিল চামচ চিনি। অবশ্য প্রয়োজন মতো চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন।

এই পর্যায়ে শসা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শসা নরম হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিন। ঝোল থাকা অবস্থাতেই বড়াগুলো দিয়ে দেবেন কারণ, বড়া ঝোল টেনে নেবে।

মিনিট খানেক ফুটিয়ে ওপর থেকে ১-২ টেবিল চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি শসার শুক্তো! গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন