Cooking Hacks

চা ফুটে তেতো হয়ে গিয়েছে, সেই চায়েই স্বাদ ফেরানো যাবে কী করে, ৩ কৌশল জেনে নিন

নিয়ম করে চা বানালেও তা তেতো বা কড়া হয়ে যেতে পারে সামান্য অসতর্কতায়। এমন হলে কী ভাবে পানীয়ের স্বাদ ঠিক করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:১৯
Easy hacks to smooth again strong and bitter tea

চা করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন? ছবি: সংগৃহীত।

চা করা এমন কী ব্যপার, মনে হতে পারে যে কারওরই। কারণ, ভারতীয় খাদ্যাভ্যাসের সঙ্গে চা ওতপ্রোত ভাবে জড়িত। প্রায় প্রতি বাড়িতেই নিয়ম করে চা হয়। কিন্তু তার পরেও চা তেতো হয়ে যেতে পারে বা কড়া হয়ে যেতে পারে একটু অসতর্ক হলেই। তেমনটা হলে তো পানীয়টি ফেলে দেওয়া যায় না, জেনে কোন কৌশলে স্বাদ মেরামত করা সম্ভব।

Advertisement

১। চা তেতো বা কড়া হয়ে গেলে তাতে একটু গরম জল মিশিয়ে দিতে পারেন। বিশেষত লিকার চায়ে এই কৌশল কাজে আসবে। চাইলে সামান্য একটু মধু বা চিনি মেশাতে পারেন স্বাদে ভারসাম্য আনতে।

২। দুধ চায়ের ক্ষেত্রে চা বেশি ফুটে গেলে তার স্বাদ কড়া হয়ে যেতে পারে। তেতোও লাগতে পারে। প্রথমেই যেটা করা যায়, জ্বাল দেওয়া দুধ মিশিয়ে দিতে পারেন। বাড়িতে ফ্রেশ ক্রিম বা দুধে সর থাকলে, ফেটিয়ে চায়ে মিশিয়ে দিন। এতেও চায়ের তেতো ভাব কেটে যাবে। অন্য রকম স্বাদ আসবে।

৩। একটু এলাচ বা দারচিনি থেঁতো করে দিলেও চায়ের তিতকুটে ভাব কমে যাবে। দুধ বা ক্রিম এবং এলাচ, দুটোই মিশিয়ে দেওয়া যেতে পারে। দিতে পারেন থেঁতো করা আদাও।

চা করার সময় কোন বিষয় মাথায় রাখা প্রয়োজন

চা বেশি ফোটালে শুধু স্বাদই নষ্ট হবে না, তা ক্ষতিকর পানীয় পরিণত হবে। বেশি চা পাতা দিলেও তেতো হয়ে যেতে পারে। তাই চায়ের মাত্রা এবং কত ক্ষণ ফোটানো হচ্ছে— দু’টি বিষয়ে নজরে থাকা দরকার। লিকার চা তৈরির সময় চা-পাতা খুব বেশি ক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলেও তেতো হয়ে যেতে পারে। খুব বেশি ক্ষণ না রেখে ছেঁকে নিন।

Advertisement
আরও পড়ুন