দম পনিরের রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।
দমের ঝক্কিও পোহাতে হবে না, আবার মাটির সোঁদা ও ধোঁয়াটে গন্ধ পৌঁছোবে রান্নায়। সহজ পন্থায় বানিয়ে নিন দম পনির। বাইরে যখন মুষলধারে বৃষ্টি, ঘরে তখন মাটির হাঁড়ি থেকে পনির নিয়ে কব্জি ডুবিয়ে ভোজ। এমন তৃপ্তি করে খেতে হলে শিখে নিন পন্থা। রইল রেসিপি।
উপকরণ
৪০০ গ্রাম পনির
২ টেবিল চামচ তেল
২টি তেজপাতা
২টি সবুজ এলাচ
২ লবঙ্গ
মাঝারি আকারের দারচিনির টুকরো
১ চা চামচ আদাবাটা
১ চা চামচ রসুনবাটা
১ চা চামচ লঙ্কাবাটা
আধ কাপ পেঁয়াজবাটা
আধ চা চামচ জিরেগুঁড়ো
দেড় টেবিল চামচ ধনেগুঁড়ো
৬-৮টি গুঁড়ো করা গোলমরিচ
স্বাদমতো নুন
আধ কাপ দই ফেটানো
আধ কাপ ফ্রেশ ক্রিম
এক চিমটে কেসর
আধ টেবিল চামচ গরমমশলা
২ টেবিল চামচ টাটকা ধনেপাতাকুচি
আধ টেবিল চামচ পুদিনাপাতা
৫টি গোলাপের পাপড়ি কয়েকটি
দেড় টেবিল চামচ গোলাপজল
প্রণালী
প্রথমেই পনিরের টুকরোগুলি ১ সেন্টিমিটারের কিউবের আকারে কেটে নিতে হবে। পাশাপাশি একটি মাটির পাত্র ভাল করে ধুয়ে রাখতে হবে। যেখানে দমে রান্না হবে।
তার পর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, সবুজ এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিন। মিনিট দেড়েক পর তাতে সব বাটামশলাগুলি ঢেলে দিন। ভাল করে মশলাগুলি কষাতে থাকুন।
তেল ছাড়তে শুরু করলে এক কাপ গরম জল ঢেলে দিন। দু’মিনিট রান্না হওয়ার পর তাতে গুঁড়োমশলাগুলি দিয়ে দিন। কেবল গরমমশলাটুকু রেখে দেবেন শেষের জন্য। এর সঙ্গে স্বাদমতো নুন দিয়ে দিন।
খানিক ক্ষণ নাড়াচাড়া করার পর ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে দিন। তার পরেই পনিরের টুকরোগুলি ঢেলে দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। এ বার ফ্রেশ ক্রিম মিশিয়ে নাড়াচাড়া করুন।
এর পর পনিরের রান্নাটি মাটির পাত্রে ঢেলে দিন। এলাচগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, ধনেপাতা, পুদিনাপাতা, গোলাপজল, কেশর এবং গোলাপের পাপড়ি মিশিয়ে নাড়াচাড়া করে পাত্র চাপা দিয়ে রেখে দিন। পাত্রটি গরম থাকায় এবং মুখ বন্ধ থাকায় পনিরের মধ্যে মাটির পাত্রের হালকা সোঁদা গন্ধ ও ধোঁয়াটে স্বাদ মিশে যাবে।