Mutton Nalli Nihari

সেরা নল্লী নিহারীর স্বাদ কোথায় গেলে পাবেন? শহরের ৫ ঠিকানায় গিয়ে মোটেই নিরাশ হবেন না

নিহারী কথাটি এসেছে উর্দু শব্দ নাহার থেকে, এর অর্থ হল সকাল। এই পদ সাধারণত প্রাতরাশে খাওয়া হয়। নল্লী নিহারী হল এমন পদ যা তৈরি করতে মূলত মাংসের নলিহাড় ব্যবহার করা হয়। হাড়ের মজ্জা ঝোলের সঙ্গে মিশে গিয়ে আলাদাই স্বাদ তৈরি হয়। শহরের কোথা পাওয়া যায় সেরা নল্লী নিহারী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৯:০৩
Five famous food joints where you get best Nihari in Kolkata

ছবি: সংগৃহীত।

চলছে রমজ়ান মাস। এই মাস জুড়ে শহরের বিভিন্ন রেস্তরাঁয় এমন কিছু খাবার পাওয়া যায়, যা বছরের অন্য সময়ে তেমন দেখা যায় না। হালিম আর নল্লী নিহারী, তাদের মধ্যে অন্যতম। নিহারী কথাটি এসেছে উর্দু শব্দ নাহার থেকে, এর অর্থ হল সকাল। এই পদ সাধারণত প্রাতরাশে খাওয়া হয়। নল্লী নিহারী হল এমন পদ যা তৈরি করতে মূলত মাংসের নলিহাড় ব্যবহার করা হয়। হাড়ের মজ্জা ঝোলের সঙ্গে মিশে গিয়ে আলাদাই স্বাদ তৈরি হয়। হালিমের মতোই এই পদ তৈরি করতে অনেকটা সময় লাগে। সারা রাত ধরে অল্প আঁচে এই পদ রান্না করা হয়। এই পদটিকে মটন স্ট্যু-এর সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এর স্বাদ অনেকটাই আলাদা। খামেরি রুটি সঙ্গে গরমাগরম নল্লী নিহারীর স্বাদ এক বার চেখে দেখলে আর ভুলতে পারবেন না। রমজ়ান মাসে শহরের কোথায় কোথায় গেলে পাবেন সেরা নিহারীর স্বাদ, রইল হদিস।

Advertisement

মান-ও-সালভা (পার্ক সার্কাস)

খুব একটা চেনা রেস্তরাঁ না হলেও এখানকার নিহারীর স্বাদ বেশ ভাল। সারা রাত ধরে এই নিহারী রান্না করা হয়। মাংসটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ঝোলে মশলার স্বাদ একেবারে পরিমিত, খুব একটা চড়া নয়। রুটি হোক বা পরোটা, ঝোলে ডুবিয়ে খেলেই মুখে লেগে থাকবে।

মনঞ্জ়িলত’স (রুবি, আনন্দপুর)

বাড়ির ছাদেই খুলেছে রেস্তরাঁ। না এ ঠিক চিরাচরিত রেস্তরাঁ নয়। এখানে কলকাতার বিরিয়ানি নিয়ে আসার জন্য বিখ্যাত ওয়াজিদ আলি শাহের বংশধর মনঞ্জ়িলত ফাতিমা নিজের হাতে রান্না করে নিজেই পরিবেশন করেন রকমারি অওধি খানাপিনা। সেই ঠিকানায় গেলেই চেখে দেখতে পারেন দারুণ সুস্বাদু নিহারী। পদটির উপর লেবু, কাঁচালঙ্কাকুচি আর আদার কুচি ছড়িয়ে পরিবেশন করা হয়। নরম তুলতুলে নিহারীর মাংসের সঙ্গে খেতে পারেন খাস্তা ডালপুরি।

সুফিয়া (জ়াকারিয়া স্ট্রিট)

১৫০ বছরের পুরনো এই দোকানের নিহারীর স্বাদের কোনও তুলনা নেই। ভোর ৪টে থেকে এই দোকানের নিহারী খাওয়ার জন্য দোকানের বাইরে লম্বা লাইন পড়ে। খুব পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। এখানকার নিহারীর ঝোলের স্বাদ আর পাঁচটা রেস্তরাঁ বা দোকানের থেকে অনেকটাই আলাদা। মশলাপাতির উগ্র গন্ধ নেই। দেখতে হালকা লাগলেও এক বার খেয়ে নিলে সারা দিন পেট ভরাট থাকবে। ডালপুরির সঙ্গে মেলবন্ধনটা মন্দ হবে না।

জিশান (পার্ক সার্কাস)

এখানকার মটন নিহারীর ঝোল খুব বেশি ঘন হয় না, তবে এর স্বাদ কোনও অংশে কম নয়। সকাল সকাল গরমাগরম নিহারী পেলে আর কী বা চাই! সঙ্গে রুমালি কিংবা খামেরি রুটি। ইচ্ছে করলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন সামান্য লেবুর রস, স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

শেখ’স (পার্ক সার্কাস)

এই দোকানে কেবল সকালবেলা নয়, সারা দিন ধরেই নিহারী পাওয়া যায়। নিহারীপ্রেমীদের পছন্দের তালিকায় এই দোকানটির নাম থাকে একেবারে উপরের দিকে। সুন্দর ছিমছাম অন্দরসজ্জা, সঙ্গ‌ে খাবারের স্বাদ অতুলনীয়। যদি কখনও নিহারী না খেয়ে থাকেন, তা হলে শুরুটা এই রেস্তরাঁ দিয়ে করতেই পারেন।

Advertisement
আরও পড়ুন