Barley Khichdi Recipe

চাল ছাড়া খিচুড়ি! ওজন কমানোর পাশাপাশি গরমে আরামদায়ক পদ বানিয়ে নিন বার্লি দিয়ে

দুপুরে বা রাতে হালকা অথচ পেট ভরানোর মতো খিচুড়ি থাক পাতে। তবে চালের বদলে বার্লি দিয়ে বানালে গরমে শরীর ঠান্ডা থাকবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১২:৫৬
বার্লি দিয়ে স্বাস্থ্যকর খিচুড়ি।

বার্লি দিয়ে স্বাস্থ্যকর খিচুড়ি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

স্বাস্থ্যকর খাবার মানেই বিস্বাদ নয়। বার্লির মতো উচ্চ ফাইবারে ভরপুর শস্য গরমের সময়ে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই দুপুর বা রাতের খাবারে হালকা অথচ পেট ভরানোর মতো খিচুড়ি পেলে তৃপ্তি করে খেতে পারবেন। বড়ই উপাদেয় ও পুষ্টিকর। বানিয়ে নিন সহজেই।

Advertisement
বার্লি দিয়ে রান্না।

বার্লি দিয়ে রান্না। ছবি: সংগৃহীত

উপকরণ

আধ কাপ বার্লি

২ টেবিল চামচ ছোলা

প্রায় ২৫০ গ্রাম কুমড়ো (গ্রেট করা)

১ টেবিল চামচ ঘি

২-৩টি শুকনো লঙ্কা

১টি ছোট তেজপাতা

এক-চতুর্থাংশ চা চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

প্রণালী

বার্লি ও ছোলা অন্তত ৬–৭ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে হবে।

একটি পাত্রে ঘি গরম করুন। তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও অল্প হলুদ দিন। এ বার গ্রেট করা কুমড়ো মিশিয়ে দিন। সঙ্গে ভেজানো বার্লি ও ছোলা ভাল করে ধুয়ে ঢেলে নিন। প্রায় ১.২৫ কাপ জল দিন। খুব বেশি নয়, কারণ কুমড়ো থেকেও জল বের হবে। লক্ষ রাখবেন, খিচুড়ি যেন ঝোলঝোল না হয়, মাখামাখা হয়। নুন দিয়ে ভাল ভাবে নাড়াচাড়া করে প্রেশার কুকারে ৫–৬টি সিটি দিন, যত ক্ষণ না ছোলা সেদ্ধ হচ্ছে। ঢাকনা খুলে একটু চেখে নিতে পারেন। কুমড়ো যদি খুব মিষ্টি না হয়, তা হলে সামান্য চিনি দিলে স্বাদ আরও ভাল হবে। যদি অতিরিক্ত জল থাকে, তা হলে ঢাকনা খুলে কিছু ক্ষণ নেড়ে শুকিয়ে নিন, যাতে সুন্দর ক্রিমি টেক্সচার আসে। অন্য প্যানে একটু ঘি গরম করে তাতে কালোজিরে ও কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এর অর্ধেক খিচুড়িতে মিশিয়ে বাকি অংশ উপরে ছড়িয়ে দিন।

এই খিচুড়ি গরম গরম দুপুর বা রাতের খাবারে পরিবেশন করতে পারেন। হালকা, পুষ্টিকর এবং গরমের জন্য উপযুক্ত।

Advertisement
আরও পড়ুন