প্রেমের উপহারেও থাকুক স্বাস্থ্যের ভাবনা। ছবি: সংগৃহীত।
চলছে প্রেমের মরসুম। ফ্রেব্রুয়ারি মাস জুড়েই চার দিকে প্রেম প্রেম ভাব। তবে প্রেমের এই পর্বে উপহার দেওয়ার কথা ভুললে তো চলবে না। প্রেমের জোয়ারে বাজারে গোলাপ থেকে চকোলেট— সবেরই চাহিদা তুঙ্গে! তবে এখন আবার সবাই স্বাস্থ্য সচেতন। তাই বাজারের অতিরিক্ত চিনিযুক্ত চকোলেট অনেকেই খেতে পছন্দ করেন না। ইচ্ছে করলে ১০ মিনিট খরচ করে প্রিয়জনের জন্য বাড়িতেই স্বাস্থ্যকর চকোলেট বানিয়ে নিতে পারেন।
পিনাট চকোলেট বার: প্রথমে একটি মিক্সিতে খেজুর বেটে নিন। মিশ্রণটি যেন আঠালো হয়, সে দিকে খেয়াল রাখুন। এ বার একটি ট্রে-র উপর বাটার পেপার রেখে তার উপর খেজুরের মিশ্রণটি ছড়িয়ে দিন। তার উপর থেকে পিনাট বাটারের একটি প্রলেপ দিন। উপর থেকে ছড়িয়ে দিন বাদামের গুঁড়ো। শেষে তার উপর ডার্ট চকোলেট গলিয়ে ঘন মিশ্রণটি ঢেলে দিন। এ বার ট্রে-টি সারা রাত ফ্রিজে রেখে দিন। শক্ত হয়ে গেলে বারের মতো করে কেটে কেটে র্যাপারে মুড়িয়ে দিন।
মাখানা বাইট্স: একটি ননস্টিক পাত্রে সামান্য ঘি দিয়ে মাখানা ভেজে নিন লালচে করে। এ বার ডার্ক চকোলেট গলিয়ে তার মধ্যে মিশিয়ে দিন খানিকটা খেজুর বাটা। এ বার মাখানাগুলি চকোলেটের মিশ্রণে ঢেলে দিন। এর পর চামচ দিয়ে একে একে তুলে ট্রে-র উপর রাখুন। উপর থেকে ছড়িয়ে দিন ভাজা চিনেবাদামের গুঁড়ো। এর পর ফ্রিজে রেখে দিন সারা রাত।
ড্রাই ফ্রুট্স ডিলাইট: কাঠবাদাম, কাজু, আখরোট প্রথমে শুকনো তাওয়ায় কিছু ক্ষণ নাড়াচাড়া করে নিন। একটি মিক্সারে সেগুলি ভরে তার সঙ্গে মিশিয়ে দিন বেশ খানিকটা খেজুর আর কিশমিশ। এ বার আঠালো মিশ্রণটি বেটে নিন ভাল করে। একটি থালায় ঢেলে মিশ্রণটি থেকে ছোট ছোট বল বানিয়ে নিন।খানিকটা ডার্ক চকোলেট গলিয়ে নিন। একটি ট্রে-র উপর বাটার পেপার রেখে দিন। ড্রাই ফ্রুটের বলগুলি চকোলেটে ডুবিয়ে ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দিন সারা রাত।