Posto Rasaj Recipe

আলু-পটল-ঝিঙে পোস্ত তো খাওয়াই হয়, নিরামিষ দিনে বানিয়ে ফেলুন পোস্তর রসজ

পোস্ত তো প্রায়ই খাওয়া হয়। এবার তা দিয়ে চেনা ছকের বাইরে অন্য রকম কিছু রেঁধে দেখুন। বানিয়ে ফেলুন পোস্তর রসজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৮
পোস্তর রসজ  কী  ভাবে বানাবেন?

পোস্তর রসজ কী ভাবে বানাবেন? ছবি: সংগৃহীত।

বাঙালি হেঁশেলে পোস্ত বরাবরই জনপ্রিয়। আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো আছেই, পোস্ত বাটা বা পোস্তর বড়া দিয়েও একথালা ভাত খাওয়া হয়ে যায়। তবে কখনও তো স্বাদ বদলেরও ইচ্ছা হয়! একই রকম রান্না না করে বানিয়ে দেখুন পোস্তর রসজ। খুব অল্প উপকরণেই রান্না হবে। তবে গরমের দিনে খেতে বেশ লাগবে।

Advertisement

উপকরণ

৪-৫ টেবিল চামচ পোস্তবাটা

দেড় কাপ মটর ডাল

স্বাদ মতো নুন

স্বাদ মতো চিনি

১ ইঞ্চি আদাকুচি

৮-১০টি কাঁচালঙ্কা

১টি তেজপাতা

৩-৪টি শুকনো লঙ্কা

১ চা-চামচ রাঁধুনি

১ টেবিল চামচ ময়দা

প্রণালী: মটর ডাল অন্তত ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে, আদা, নুন যোগ করে বেটে নিন। বাটা মটর ডাল চামচ বা হাত দিয়ে খুব ভাল করে ফেটাতে হবে। বাতাস ঢুকে মিশ্রণটি হালকা হয়ে গেলে ছোট ছোট বড়া ভেজে নিন।

পোস্ত বেটে নিন। একটি পাত্রে ১ টেবিল চামচ মটর ডাল বাটা, ১ চা-চামচ ময়দা ভাল করে মিশিয়ে নিন। এতে পোস্তবাটা যোগ করুন। দিন স্বাদমতো নুন। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে, অল্প অল্প করে যোগ করে সেটি কিছুটা পাতলা করে নিন।

কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিন। এবার পোস্তর মিশ্রণ ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে বড়া দিয়ে দিন। যোগ করুন চেরা কাঁচা লঙ্কা। আঁচ কমিয়ে ৫-৭মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোস্তর রসজ। একেবারে শেষে এক চা-চামচ কাঁচা সর্ষের তেল যোগ করুন। ভাতের সঙ্গে অল্প ঝোল ঝোল ঝাল রান্নাটি বেশ লাগবে।

Advertisement
আরও পড়ুন