Chicken Recipes

ঝালে, ঝোলে খেয়েছেন, স্বাদ বদলাতে এ বার বানিয়ে ফেলুন আমকাসুন্দি মুরগি

কষা মাংস, কাঁচালঙ্কা মুরগি, মুরগির ঝোল, চিলি চিকেন, সবই যদি একঘেয়ে হয়ে যায়, তা হলে বরং স্বাদবদলে বানিয়ে নিতে পারেন আমকাসুন্দি মুরগি। টক-ঝাল-মিষ্টি এই পদ বাড়ির ছোট থেকে বড়, সবাই পছন্দ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:০৫
আমকাসুন্দি মুরগির স্বাদেই জমবে ভোজ।

আমকাসুন্দি মুরগির স্বাদেই জমবে ভোজ। ছবি: সংগৃহীত।

পুষ্টিগুণে ভরপুর মুরগির মাংস আমিষাশিদের কাছে বেশ পছন্দের। বিশেষত খুদেরা তো এই মাংসের খুবই ভক্ত। বহু বাড়িতেই সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগির মাংস খাওয়ার চল আছে। কিন্তু রাঁধবেন কোন পদ। কষা মাংস, কাঁচালঙ্কা মুরগি, মুরগির ঝোল, চিলি চিকেন, সবই যদি একঘেয়ে হয়ে যায়, তা হলে বরং স্বাদবদলে বানিয়ে নিতে পারেন আমকাসুন্দি মুরগি। টক-ঝাল-মিষ্টি এই পদ বাড়ির ছোট থেকে বড়, সবাই পছন্দ করবে।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস

২ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ কাঁচালঙ্কা বাটা

আধ চা চামচ শুকনো লঙ্কাবাটা

১ টেবিল চামচ ‌ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

৩ টেবিল চামচ কাসুন্দি

৫ টেবিল চামচ কাঁচা আমবাটা

১ কাপ পেঁয়াজকুচি

আধ চা চামচ গরমমশলাগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সর্ষের তেল

প্রণালী:

মুরগির মাংসে নুন, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কাবাটা, শুকনো লঙ্কাবাটা, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাসুন্দি আর অর্ধেকটা কাঁচা আমবাটা দিয়ে ভাল করে মেখে আধ ঘণ্টা রেখে দিন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে লাল করে ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে গেলে মেখে রাখা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে আরও খানিকটা কাঁচা আমবাটা, গোলমরিচগুঁড়ো আর গরমমশলা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এ বার রান্নায় সামান্য চিনি দিন। নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। রান্নায় জল না দিয়েই কষাতে হবে। মাংস ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন আমকাসুন্দি মুরগি।

Advertisement
আরও পড়ুন