Fish Recipes

ভাজা কিংবা চচ্চড়ি নয়, দুপুরের ভোজে গরম ভাতের সঙ্গে বানিয়ে নিন আম-মৌরলা

বড় মাছের ভিড়ে ছোট মাছেদের কদর কম। পুঁটি কিংবা মৌরলা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন চটজলদি রেসিপি। এখন বাজারে সারা বছরেই কাঁচা আমের দেখা মেলে। মৌরলা আর আমের মেলবন্ধনে জমে যাবে ভোজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:৩৮
আমের সঙ্গে হোক মৌরলার যুগলবন্দি।

আমের সঙ্গে হোক মৌরলার যুগলবন্দি। ছবি: সংগৃহীত।

মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি কম আছে। উৎসবের মরসুম হোক বা রোজের খানাপিনা, মাছপ্রিয় বাঙালির কাছে মাছের একটু অন্য রকম রান্না মানেই দুপুরের ভাত সাবাড়। তবে বড় মাছের ভিড়ে ছোট মাছেদের কদর কম। পুঁটি কিংবা মৌরলা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন চটজলদি রেসিপি। এখন বাজারে সারাবছরেই কাঁচা আমের দেখা মেলে। মৌরলা আর আমের মেলবন্ধনে জমে যাবে ভোজ। খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম মৌরলা মাছ

২ টেবিল চামচ পোস্তবাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা

২ টেবিল চামচ সর্ষেবাটা

আধ চা চামচ রসুনবাটা

১টি কাঁচা আম

১ কাপ সর্ষের তেল

স্বাদমতো নুন

১ চা চামচ কালোজিরে

১ চা চামচ হলুদগুঁড়ো

প্রণালী:

নুন, হলুদ মাখিয়ে সর্ষের তেলে মৌরলা মাছগুলি হালকা করে ভেজে নিন। সেই তেলেই কালো জিরে দিন। ফোড়নের মধ্যে রসুনবাটা দিয়ে ভেজে নিন। এ বার সর্ষেবাটা, পোস্ত ও কাঁচালঙ্কাবাটা আর সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে কাঁচাআমবাটা ও নুন দিতে হবে। ঝোল ফুটে উঠলে মাছ দেওয়ার পালা। মিনিট পাঁচেক কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম-মৌরলা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মাছের এই পদটি।

Advertisement
আরও পড়ুন