Noboborsho Special Recipe

নববর্ষে পাঁঠার মাংস দিয়ে নতুন কিছু বানাবেন? রেঁধে ফেলুন মটন মালাই হান্ডি

এ বার বছর শুরুর ভোজে থাকতে পারে পাঁঠার মাংসের কম চেনা কিছু পদ। ঝাল-ঝোলের বাইরে মটন দিয়ে রেঁধে ফেলুন মটন মালাই হান্ডি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:২৫
মটন মালাই হান্ডি দিয়েই জমবে নববর্ষের ভোজ।

মটন মালাই হান্ডি দিয়েই জমবে নববর্ষের ভোজ। ছবি: সংগৃহীত।

বাঙালির নতুন বছর শুরু হবে আর ভালমন্দ খাওয়াদাওয়া হবে না, তা কি হয়? আর বিশেষ দিনের ভোজে পাঁঠার মাংস থাকবে না, তেমনও কম হয়। বাঙালির পরব মানেই আমিষ রকমারি রান্না। যার মধ্যে রাজকীয় ভাবে সেজে বসে পাঁঠার মাংসের কোনও একটি পদ। এ বার বছর শুরুর ভোজে থাকতে পারে পাঁঠার মাংসের কম চেনা কিছু পদ। ঝাল-ঝোলের বাইরে মটন দিয়ে রেঁধে ফেলুন মটন মালাই হান্ডি।

Advertisement

উপকরণ:

৭৫০ গ্রাম মটন (ছোট টুকরো করে কাটা)

১ টেবিল চামচ গোটা জিরে

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

২ তারামৌরি

২ টি তেজপাতা

২ টি ছোট এলাচ

৪-৫টি লবঙ্গ

১টি দারচিনি

২ কাপ পেঁয়াজকুচি

২ টেবিল চামচ রসুনবাটা

স্বাদমতো নুন

১০-১২টি কাজু

৭-৮টি কাঁচালঙ্কা

আধ কাপ দই

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ গরমমশলাগুঁড়ো

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিল চামচ কসুরি মেথি

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী:

প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি ভেজে নিন। খুব ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে গেলে তার সঙ্গে মিশিয়ে নিন রসুন বাটা। মশলা কষিয়ে পাঁঠার মাংসের টুকরোগুলি দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করুন। এ বার কুকারে সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ করে নিন। কাজু, কাঁচালঙ্কা আর দই মিক্সিতে ঘুরিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। কড়াই গরম করে তাতে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে জল শুকিয়ে নিন। এ বার বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। একে একে মিশিয়ে দিন ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, কসুরি মেথি। মশলা থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। রুমালি রুটি, নান, পরোটার সঙ্গে পরিবেশন করুন মটন মালাই হান্ডি।

Advertisement
আরও পড়ুন