Mutton Bharta Recipes

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পাঁঠার মাংসের ভর্তা! সঙ্গে থাকুক দক্ষিণী ছোঁয়া

মাছ, মুরগি, ডিম, বেগুন, কুমড়োর ভর্তা কমবেশি সবাই খেয়েছেন বাড়িতে। যদি পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হয়? অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দক্ষিণী কায়দায় মাংসের ভর্তা। রইল রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪
How to make Mutton Bharta in South Indian style

কী ভাবে বানাবেন পাঁঠার মাংসের ভর্তা? ছবি: সংগৃহীত।

প্রথম পাতে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে বেশ লাগে। মাছ, মুরগি, ডিম, বেগুন, কুমড়োর ভর্তা কমবেশি সবাই খেয়েছেন বাড়িতে। এ বার যদি পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হয়? অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দক্ষিণী কায়দায় মাংসের ভর্তা। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

৩০০ গ্রাম হাড় ছাড়া পাঁঠার মাংস

৮-১০টি কারিপাতা

৩-৪ টেবিল চামচ ধনেপাতাকুচি

১ চা চামচ গোটা জিরে

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

পরিমাণ মতো ঘি

১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো

১ চা চামচ গরমমশলার গুঁড়ো

২ টি তেজপাতা

১ টেবিল চামচ শুকনো লঙ্কার কুচি

১ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সাদা তেল

৩-৪ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

প্রণালী:

পাঁঠার মাংসে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। মাংস ভাল করে সেদ্ধ হয়ে গেলে নোড়া দিয়ে থেঁতো করে নিন ভাল করে। এ বার কড়াইতে তেল আর ঘি গরম করে জিরে, শুকনো লঙ্কাকুচি, তেজপাতা আর কারিপাতা ফোড়ন দিন। কড়াইয়ে ঢেলে দিন মাংস, কাঁচালঙ্কাকুচি, গরমমশলার গুঁড়ো। এ বার ভাল করে মশলাটি কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে তাতে মিশিয়ে দিন তেঁতুলের ক্বাথ আর ধনেপাতাকুচি। শেষে পরিমাণ মতো নুন আর স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা ভাজা হয়ে এলে গ্যাস বন্ধ করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পাঁঠার মাংসের ভর্তা।

Advertisement
আরও পড়ুন