Bengali New Year Special Recipes

নববর্ষের ভোজে পোলাওয়ের সঙ্গে বানিয়ে নিন মাংসের হাঁড়ি কবাব! জমে যাবে খাওয়াদাওয়া

পাঁঠার মাংস দিয়ে নতুন কী বানানো যায়, সেই চিন্তা মাথায় ঘুরপাক খেলে বানিয়ে নিতে পারেন মাংসের হাঁড়ি কবাব। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৬
মাংসের হাঁড়ি কবাবের স্বাদেই জমবে নববর্ষের ভোজ।

মাংসের হাঁড়ি কবাবের স্বাদেই জমবে নববর্ষের ভোজ। ছবি: সংগৃহীত।

নববর্ষের ভোজে পাঁঠার মাংস রাখতেই হবে। আর পাঁঠার মাংস দিয়ে নতুন কী বানানো যায়, সেই চিন্তা মাথায় ঘুরপাক খেলে বানিয়ে নিতে পারেন মাংসের হাঁড়ি কবাব। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম পাঁঠার মাংস

৩০০ গ্রাম টকদই

৫০ গ্রাম খোয়া ক্ষীর

২টি পেঁয়াজ

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ গরমমশলাগুঁড়ো

১ টেবিল চামচ গোলমরিচগুঁড়ো

১ মুঠো কিশমিশ

স্বাদমতো নুন

১ টেবিল চামচ ঘি

পরিমাণমতো তেল

২টি তেজপাতা

১ চা চামচ গোটা জিরে

মাটির হাঁড়ি

প্রণালী:

প্রথমে মিক্সিতে দই, পেঁয়াজকুচি, আদাবাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো আর সামান্য নুন নিয়ে ভাল করে বেটে নিন। এ বার মিশ্রণটি মাংসর সঙ্গে মেখে ঘণ্টা দুয়েক রেখে দিন। অন্য দিকে, মিক্সিতে কিশমিশ, খোয়া ক্ষীর আর সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। একটি মাটির হাঁড়িতে তেল আর ঘি মিশিয়ে গরম করে নিন। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মেখে রাখা মাংস ঢেলে দিন। ভাল করে কষিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রান্না করুন। মাংস আধসেদ্ধ হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা কিশমিশ আর খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে দিন। এ বার অল্প আঁচে ভাল করে কষিয়ে নিন। ঢাকা দিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মাংসের হাঁড়ি কবাব।

Advertisement
আরও পড়ুন