Omelette Cooking Tips

অমলেট হবে ফোলা, স্পঞ্জের মতোই নরম, ডিম দিয়ে কী ভাবে বানাবেন স্যুফ্‌লে-অমলেট?

অমলেট তৈরির পন্থায় ছোট্ট বদল আনলেই, তা স্বাদ এবং দেখনদারিতে হবে ভিন্ন। কী ভাবে বানাবেন একদম ফোলা, হালকা অমলেট?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:৪৬
How to make omelet like souffle

স্যুফলের মতো অমলেট বানাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

প্রাতরাশ হোক বা ভাতের পাত, অমলেট সব সময়েই জনপ্রিয়। কেউ কড়া ভাজা পছন্দ করেন, আবার কেউ চান, অমলেট হবে নরম। আবার অমলেট হতে পারে ফোলা, ফাঁপা, স্যুফ্‌লের মতোও। অমলেট তৈরির পন্থায় ছোট্ট বদল আনলেই, তা স্বাদ এবং দেখনদারিতে হবে ভিন্ন। কী ভাবে বানাবেন একদম ফোলা, হালকা অমলেট?

Advertisement

স্যুফ্‌লে হল ফরাসি রন্ধনশৈলীতে তৈরি জনপ্রিয় খাবার। যেখানে ডিমের সাদা অংশ এবং কুসুম পৃথক ভাবে ফেটিয়ে বেক করা হয়। খাবারটি অত্যন্ত হালকা এবং ফাঁপা। স্যুফ্‌লের কায়দাতেও অমলেট বানাতে পারেন।

১।দু’টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। কুসুমটি ইলেকট্রিক বা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন, যত ক্ষণ না সেটি হালকা হয়ে ফুলে উঠছে। একই ভাবে ডিমের সাদা অংশটিও ফেটিয়ে নিতে হবে, যত ক্ষণ না সেটি ফেনার মতো হচ্ছে। ফেটানোর উপরেই নির্ভর করবে অমলেট কতটা ফাঁপা হবে।

২। সাদা এবং কুসুম আলাদা করে ফেটিয়ে নেওয়ার পরে দু’টিকে একসঙ্গে আবার ফেটাতে হবে। যত ক্ষণ না তা ফুলে ফেনার মতো হচ্ছে।

৩। ননস্টিক কড়াইয়ে মাখন দিন। মাখন গলে গেলে ফেটানো ডিম মোটা করে চারিয়ে দিন। নুন-গোলমরিচ ছড়িয়ে দিন উপর থেকে। চাইলে ডিম ফেটানোর সময়েও নুন দিতে পারেন।

৪। আঁচ কমিয়ে ডিম ঢাকা দিয়ে রাখুন। ভাপে সেটি রান্না হবে। ডিমের উপরিভাগ হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে দুই ভাঁজ করে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন