Healthy Ice-cream Recipes

গরমে খুদের মেজাজ চাঙ্গা রাখতে বাড়িতেই বানিয়ে নিন রংবেরঙের স্বাস্থ্যকর পপসিকল

চিকিৎসকের কড়া নির্দেশ, পাঁচ বছর বয়স অবধি শিশুকে চিনিযুক্ত খাবার থেকে যতটা দূর রাখা যায়, ততটাই ভাল। তাই বলে কি এই গরমে আইসক্রিম খাওয়ার আনন্দ থেকে বঞ্চিত থাকবে খুদেরা? বাড়িতেই বানিয়ে দিন তাদের জন্য স্বাস্থ্যকর কিছু আইসক্রিমের বিকল্প।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:২০
যে সব স্বাদের ভাগ হবে না।

যে সব স্বাদের ভাগ হবে না। ছবি: সংগৃহীত।

লাল-নীল-হলদে রঙের সেই কাঠি আইসক্রিম (পপসিকল) খাওয়ার দিনগুলির কথা মনে পড়ে? ছুটির ঘণ্টা বাজলেই ছুটে যেতেন আইসক্রিমওয়ালার কাছে। হাতখরচের পয়সা দিয়ে কিনে ফেলতেন রঙিন কাঠি আইসক্রিম। কখনও বা কাঠফাটা রোদে কাঠি আইসক্রিম কিনে দেওয়ার জন্য মা-বাবার কাছে বায়না জু়ড়তেন। তবে এখন যখন শিশু আপনার কাছে একই বায়না করে, তখনই শুরু হয় চোখরাঙানি। চিকিৎসকের কড়া নির্দেশ, পাঁচ বছর বয়স অবধি শিশুকে চিনিযুক্ত খাবার থেকে যতটা দূর রাখা যায় ততটাই ভাল। তাই বলে কি এই গরমে আইসক্রিম খাওয়ার আনন্দ থেকে বঞ্চিত থাকবে খুদেরা? বাড়িতেই বানিয়ে দিন তাদের জন্য স্বাস্থ্যকর কিছু আইসক্রিমের বিকল্প।

Advertisement

স্ট্রবেরি পপসিকল: মিক্সিতে স্ট্রবেরিকুচি, টক দই আর কয়েকটি খেজুর একসঙ্গে ভাল করে বেটে নিন। এ বার মিশ্রণটি পপসিকল স্ট্যান্ডে ভরে ঢাকনা আটকে দিন। ফ্রিজ়ারে ৮-১০ ঘণ্টা রেখে জমিয়ে নিন ভাল করে। তৈরি হয়ে যাবে টক-মিষ্টি স্ট্রবেরি পপসিকল।

ডাব পপসিকল: আম, কিউয়ি, তরমুজের মতো কি‌ছু ফল কুচিয়ে নিন। এ বার ডাবের জলের মধ্যে বেদানা আর ফলের কুচি ভাল করে মিশিয়ে পপসিকল স্ট্যান্ডে ভরে ঢাকনা আটকে আট-দশ ঘণ্টা ফ্রিজ়ারে জমিয়ে খুদের সামনে পরিবেশন করুন।

তরমুজ পপসিকল: তরমুজের বীজগুলি বার করে কুচিয়ে কেটে নিন। এ বার মিক্সিতে তরমুজের কুচি, মেপ্‌ল সিরাপ আর লেবুর রস মিশিয়ে ভাল করে বেটে নিন। মিশ্রণটি পপসিকল স্ট্যান্ডে ভরে ফ্রিজ়ারে রাখুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন