দই দিয়ে ম্যারিনেশনের আগে কোন নিয়ম মেনে চলবেন? ছবি: সংগৃহীত।
রান্নার স্বাদ বৃদ্ধি করতে টক দইয়ের জুড়ি মেলা ভার। মটন কষা হোক কিংবা দই ইলিশ, সর্ষে দিয়ে চিংড়ি ভাপা হোক কিংবা দই পটল— আমিষ, নিরামিষ সব রান্নাতেই দই ব্যবহারের চল আছে। কবাব হোক বা চাঁপ, পাঁঠার লাল ঝোল বা রুই ভাপা, রান্নার আগে ম্যারিনেট বা মশলা মাখানোর সময় একটি ছোট নিয়ম মেনে চললেই তার স্বাদ বেড়ে যায় অনেক গুণ।
ম্যারিনেশনের সময় দই ব্যবহার করতে হলে দইয়ের জল ছেঁকে নিন। তা হলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় অনেকখানি। দইয়ের থেকে জল বেরিয়ে গেলে মূলত ফ্যাটটাই পরে থাকে। ঘন দইয়ের মধ্যে থাকা অ্যাসিড মাংস বা সব্জি গলাতে সাহায্য করে। ঘন দইয়ে চিটচিটে ভাব মাছ-মাংস বা সব্জির গায়ে লেগে থাকে বলে সেগুলি একেবারে গলে যায় না। রান্নার পরেও গোটা গোটা থাকে, গলে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যায় না।
রান্নায় ফুল ফ্যাট দই ব্যবহার করলে স্বাদ বাড়ে। ঘরে পাতা দই হলেও মসলিন কাপড়ে বেঁধে জল ঝরিয়ে তার পর রান্নায় দিলে স্বাদও ভাল হবে আর ঝোলও ঘন হবে। নিরামিষ রান্নায় ঝোল ঘন করতে কিন্তু দইয়ের জবাব নেই। এ ছাড়া ম্যারিনেশনের সময় দই মেশানোর খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। নইলে কিন্তু রান্নার স্বাদ ভাল হবে না। দইয়ে যেন কোনও মণ্ড বা দলা না থাকে, রান্নার সময় সে দিকে লক্ষ রাখুন।