Carlos Alcaraz

কব্জির চোটে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ়, রোলঁ গারোজে ট্রফি জয়ের হ্যাটট্রিক হচ্ছে না এ বার

আশঙ্কাই সত্যি হল। কব্জির চোটের কারণে ফরাসি ওপেনে খেলতে পারবেন না কার্লোস আলকারাজ়। তিনি নাম তুলে নিয়েছেন। শুক্রবার সমাজমাধ্যমে একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন স্পেনের খেলোয়াড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২২:৩৬
sports

কার্লোস আলকারা‌জ়। ছবি: রয়টার্স।

আশঙ্কাই সত্যি হল। কব্জির চোটের কারণে ফরাসি ওপেনে খেলতে পারবেন না কার্লোস আলকারাজ়। তিনি নাম তুলে নিয়েছেন। শুক্রবার সমাজমাধ্যমে একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন স্পেনের খেলোয়াড়। গত দু’বারের ট্রফিজয়ী খেলোয়াড়ের হ্যাটট্রিক হচ্ছে না এ বার। প্রতিযোগিতা শুরুর আগেই দাবিদার হিসাবে নামবেন ইটালির ইয়ানিক সিনার।

Advertisement

গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন আলকারাজ়। এর পর ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল ফরাসি ওপেনে তাঁর খেলা নিয়ে। সেটাই সত্যি হল। চোটের কারণে খেলতে পারবেন না সাত বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।

এ দিন একটি বিবৃতিতে আলকারাজ় লিখেছেন, “আজকের শারীরিক পরীক্ষা থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সাবধানী থাকা এবং রোম ও রোলঁ গারোজে অংশ না নেওয়া। ভবিষ্যতে শারীরিক পরীক্ষা করানোর পর বুঝতে পারব কবে কোর্টে ফিরতে পারব। আমার কাছে এটা খুব জটিল মুহূর্ত। তবে এই পরিস্থিতি কাটিয়ে শক্তিশালী হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী।”

আলকারাজ় না থাকায় ফরাসি ওপেনে ‘সিনকারাজ়’ দ্বৈরথ, অর্থাৎ সিনারের সঙ্গে তাঁর ম্যাচ দেখার সম্ভাবনা আর থাকল না। গত বার ফাইনালে সিনারকে দীর্ঘ ৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে হারিয়েছিলেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালেও খেলেছিলেন। সে বারও জিতেছিলেন আলকারাজ়। অবশ্য সম্প্রতি আলকারাজ়কে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স জিতেছিলেন সিনার। বিশ্বের এক নম্বরও হয়েছিলেন।

ফরাসি ওপেনে আলকারাজ়ের রেকর্ড ঈর্ষণীয়। চলতি মরসুমেও তাঁর জয়-হারের ব্যবধান ২২-৩। দোহায় ট্রফি জিতেছেন। সুরকির কোর্টে এ বার খেলতেই পারলেন না তিনি। শুধু তাই নয়, উইম্বলডনের আগে ঘাসের কোর্টেও তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Advertisement
আরও পড়ুন