India vs Pakistan

পাকিস্তানের সঙ্গে কি দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে ভারত? অবস্থান জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

দীর্ঘ দিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট-সহ কোনও খেলাধুলোতেই দ্বিপাক্ষিক সিরিজ় হয়নি। সেই সিরিজ় অদূর ভবিষ্যতে হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় সরকার। কী জানিয়েছে তারা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:০৪
sports

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টসের মুহূর্ত। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট-সহ কোনও খেলাধুলোতেই দ্বিপাক্ষিক সিরিজ় হয়নি। সেই সিরিজ় অদূর ভবিষ্যতে হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, দুই দেশের মধ্যে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজ় আগামী দিনে হবে না। তবে এ দেশে অনুষ্ঠেয় কোনও বহুপাক্ষিক প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রীড়াবিদেরা খেলতে এলে বাধা দেওয়া হবে না।

Advertisement

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এ দিন জানানো হয়েছে, বিদেশের ক্রীড়াবিদ, আধিকারিক, টেকনিক্যাল কর্মী এবং কর্তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। ভারতকে ‘পছন্দের ক্রীড়াক্ষেত্র’ হিসাবে তুলে ধরতেই এই পদক্ষেপ।

সমস্ত রাজ্য ক্রীড়া সংস্থা, ভারতের অলিম্পিক্স সংস্থা এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে পাঠানো বিজ্ঞপ্তিতে ক্রীড়া মন্ত্রক বলেছে, দ্বিপাক্ষিক সিরিজ়ের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অনুষ্ঠেয় কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তানকেও ভারতে এসে খেলার অনুমতি দেবে না। ভারত বা বিদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এবং আমাদের ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তেমনই পাকিস্তানের দল বা ক্রীড়াবিদ রয়েছেন এমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় দল এবং ক্রীড়াবিদেরা।

পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলার পর এই নীতি অগস্ট মাসে আনা হয়েছিল। সেই সময় মন্ত্রক জানিয়েছিল, বহুপাক্ষিক সিরিজ় খেলার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে না।

ভারত চার বছর বাদে কমনওয়েলথ গেমস আয়োজন করবে। ১০ বছর বাদে অলিম্পিক্স আয়োজনের দৌড়েও রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলিম্পিক্সের সনদ এবং দর্শন মেনেই বিশ্বজনীন প্রতিযোগিতাগুলি আয়োজন করতে চায় তারা।

Advertisement
আরও পড়ুন