ICC T20 World Cup 2026

চোট সারেনি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেজ়লউড, জোরে বোলারের বদলে ব্যাটার স্মিথকে দলে নিল অস্ট্রেলিয়া!

গত দু’বছর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি স্টিভ স্মিথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বিপাকে পড়ে প্রাক্তন অধিনায়ককেই দলে নিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪
picture of cricket

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে না জশ হেজ়লউডের। অস্ট্রেলিয়ার জোরে বোলারের চোট সারেনি এখনও। তাই সুপার এইট পর্ব শুরুর আগেই তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই হেজ়লউডের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জোরে বোলারের পরিবর্তে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে। দু’বছর পর টি-টোয়েন্টি দলে ফেরানো হল তাঁকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ভাল ফর্মে রয়েছেন। বিগ ব্যাশ লিগেও ধারাবাহিক ভাবে রান করেছেন। মনে করা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন স্মিথ। কিন্তু দল ঘোষণার সময় তাঁকে রাখা হয়নি।

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না প্যাট কামিন্স। ছিটকে গেলেন হেজ়লউডও। এই পরিস্থিতিতে এক জন অভিজ্ঞ ক্রিকেটারকে মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে নিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তাই ফর্মে থাকা স্মিথকে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি আহত হেজ়লউডের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার অনুমতি দিয়েছে।

বিশ্বকাপজয়ী স্মিথ যোগ দেওয়ায় দল শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্বাচক টনি ডোডেমাইড। তিনি বলেছেন, ‘‘মার্শ এবং মার্কাস স্টোইনিসের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সে কারণে স্মিথকে দলে নেওয়া হয়েছে।’’ উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন স্মিথ। প্রায় দু’বছর পর দেশের হয়ে সরাসরি বিশ্বকাপের ম্যাচ খেলতে পারেন তিনি। উল্লেখ্য, মার্শ চোট পাওয়ার পরই স্মিথকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এ বার মূল দলেও যুক্ত করা হল তাঁকে।

Advertisement
আরও পড়ুন