IPL 2026

কেকেআর শিবিরে ‘খলনায়ক’ গ্রিন! আইপিএলের আগে ২৫ কোটির বিদেশির মুখে একটিই কথা

২৮ মার্চ থেকে শুরু আইপিএল। তার আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:৫৩
cricket

ক্যামেরন গ্রিন। ছবি: এক্স।

তাঁকে কেন্দ্র করেই এ বার দল তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই নিলামে তাঁর জন্য ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন যোগ দিলেন কেকেআর শিবিরে। অভিনব কায়দায় তাঁকে স্বাগত জানিয়েছে নাইট রাইডার্স। ‘খলনায়ক’ হিসাবে দেখানো হয়েছে তাঁকে।

Advertisement

গ্রিনের একটি ভিডিয়ো দিয়েছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, হাতে একটি হাতুড়ি নিয়ে লিফ্‌ট থেকে বার হচ্ছেন গ্রিন। সেই হাতুড়ি দিয়ে বার বার কাউকে আঘাত করছেন। তার পর হাতু ধুয়ে নিচ্ছেন। তাঁর মুখে খলনায়কদের মতো হাসি। ভিডিয়োর ক্যাপশনে কেকেআর লিখেছে, “সাবধান, অসি চলে এসেছে!”

এই ভিডিয়ো থেকে ইঙ্গিত, কেকেআর এ বার বিধ্বংসী ভূমিকায় দেখতে চাইছে গ্রিনকে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। কেকেআরের পেস আক্রমণের অবস্থা হাসপাতালের মতো। একের পর এক পেসার চোট পাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্রিনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।

cricket

কেকেআরের তিনটে আইপিএল ট্রফির সঙ্গে ক্যামেরন গ্রিন। ছবি: এক্স।

কলকাতায় এসে গ্রিন জানিয়েছেন, নতুন দলের হয়ে নামতে তিনি তৈরি। কেকেআরের একটি ভিডিয়োতে অসি অলরাউন্ডার বলেন, “খুব ভাল লাগছে। নিলামের পর অনেক দিন কেটে গিয়েছে। শেষ পর্যন্ত কলকাতায় এলাম। এ বার মাঠে নামতে মুখিয়ে রয়েছি।”

আইপিএলে নামার আগে সমর্থকদের একটিই বার্তা দিয়েছেন গ্রিন। তাঁর লক্ষ্য, আক্রমণাত্মক ক্রিকেট খেলা। গ্রিন বলেন, “সমর্থকদের একটাই বার্তা দিতে চাই। এ বার আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব। একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। দুটো দলই ২০০-র উপর রান করেছে। বোঝা যাচ্ছে, এ বার আমরা কী ধরনের ক্রিকেট খেলব। আশা করছি, আগামী দিনেও এই ফর্ম দেখা যাবে। করব, লড়ব, জিতব।”

কেকেআরে গ্রিনের কী ভূমিকা থাকবে, সে বিষয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানেও। তিনি বলেন, “গ্রিনের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ওর দায়িত্ব ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ও এমন এক ব্যাটার যাকে যে কোনও জায়গায় নামানো যায়। ও বলও করতে পারে। সামনে আমাদের আরও কয়েকটা প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে গ্রিনের ভূমিকা আরও স্পষ্ট হয়ে যাবে।”

২৯ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতেই অ্যাওয়ে ম্যাচ। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যানে পিছিয়ে কেকেআর। সেই পরিসংখ্যান না ভেবে এ বার নামতে চায় কলকাতা। তার আগে গ্রিনের উপর ভরসা করছেন রাহানেরা।

Advertisement
আরও পড়ুন