আকাশদীপ। —ফাইল চিত্র।
আইপিএল শুরুর সাত দিন আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশদীপ। বাংলার জোরে বোলারকেও পাবেন না অভিষেক নায়ার, অজিঙ্ক রাহানেরা। শনিবার সরকারি ভাবে আকাশদীপকে না পাওয়ার কথা জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।
মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানার পর আকাশদীপকেও পাবে না কেকেআর। আইপিএল শুরুর আগে আরও দুর্বল হল কেকেআরের বোলিং আক্রমণ। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কবে থেকে পাওয়া যাবে, তা-ও অনিশ্চিত। স্বাভাবিক ভাবেই আইপিএল শুরুর এক সপ্তাহ আগে প্রায় অথৈ জলে কেকেআর কর্তৃপক্ষ। দলের এক কর্তা বলেছেন, ‘‘চোটের জন্য গোটা আইপিএলেই আকাশদীপকে পাওয়া যাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’ ২৯ বছরের বোলারকে ১ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর।
গত ১৮ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করেছে কেকেআর। এই শিবিরে যোগ দেননি আকাশদীপ। তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। তাঁর অবস্থা সম্পর্কে কেকেআর কর্তৃপক্ষ বা বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।
এখনও হর্ষিতের পরিবর্ত বোলার নির্বাচন করতে পারেননি কেকেআর কর্তৃপক্ষ। তার মধ্যে আকাশদীপের চোট তাঁদের আরও বিপদে ফেলে দিল। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।