IPL 2026

কেকেআরের অনুশীলনে তাণ্ডব ‘বাহুবলী’ সাংসদের ছেলের! বরুণ-বৈভবদের পিটিয়ে শাহরুখদের ‘ডন’ দিল্লির সার্থক

দিল্লি প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখে সার্থক রঞ্জনের নাম সুপারিশ করেছিলেন কেকেআরের স্কাউটেরা। ২০১৬ থেকে দিল্লির হয়ে তিন ধরনের ঘরোয়া ক্রিকেট খেললেও আগে সে ভাবে নজর কাড়তে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১১:৩২
picture of cricket

সার্থক রঞ্জন। ছবি: এক্স।

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা হতে পারেন সার্থক রঞ্জন। শুক্রবার ইডেন গার্ডেন্সে দলের অনুশীলন ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন। রিঙ্কু সিংহের নেতৃত্বাধীন গোল্ডেন নাইটসের হয়ে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন।

Advertisement

আইপিএলের নিলামে ৩০ লাখ টাকায় সার্থককে দলে নিয়েছিলেন অভিষেক নায়ারেরা। সার্থক অনুশীলন ম্যাচের দাপট ধরে রাখতে পারলে লাভবান হতে পারেন অজিঙ্ক রাহানেরা। ব্যাট হাতে সার্থক যে ভাবে দলের বোলারদের শাসন করেছেন, তা দেখে কেকেআর শিবিরের অনেকে নাকি রসিকতা করে মুচকি হেসেছেন। কারণ দিল্লির ২৯ বছরের ব্যাটারের আরও একটি পরিচয় রয়েছে। তিনি বিহারের ‘বাহুবলী’ সাংসদ পাপ্পু যাদবের ছেলে।

ভারতের রাজনীতিতে তিনি যথেষ্ট পরিচিত পাপ্পু। জেলবন্দি থেকেও লোকসভা নির্বাচন জেতার নজির রয়েছে তাঁর। দু’বারের বিধায়ক, পাঁচ বারের সাংসদ। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, জন অধিকার পার্টি ঘুরে ২০২৪ সাল থেকে পাপ্পু কংগ্রেসে। বিহারের পূর্ণিয়ার সাংসদের আসল নাম রাজেশ রঞ্জন। তাঁর ক্রিকেটার ছেলেই ভরসা দিচ্ছেন কেকেআরকে।

১৬ বলের ইনিংসে পাঁচটি চার এবং দু’টি ছক্কা মেরেছেন সার্থক। আউট হয়েছেন জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানিকে ছক্কা মারতে গিয়ে। তার থেকেও গুরুত্বপূর্ণ হল কেকেআরের বোলিং আক্রমণের অন্যতম ভরসা বৈভব অরোরার একটি ওভারে নিয়েছেন ২০ রান। সেই ওভারে সার্থক দু’টি ছক্কা এবং দু’টি চার মেরেছেন। ব্যাট করতে নেমে ছিলেন তিন নম্বরে। অরোরার বৈভব থামিয়ে কেকেআর শিবিরে এখন ‘ডন’ সার্থক।

দিল্লি প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখে সার্থকের নাম সুপারিশ করেছিলেন কেকেআরের স্কাউটেরা। ২০১৬ থেকে দিল্লির হয়ে তিন ধরনের ঘরোয়া ক্রিকেট খেললেও আগে সে ভাবে নজর কাড়তে পারেননি। পারফরম্যান্সও ধারাবাহিক ছিল না। বহুবার দল থেকে বাদ পড়েছেন। আবার ক্লাব স্তরের ম্যাচে রান করে দলে ফিরেছেন। দিল্লি দলের স্থায়ী জায়গা করতে পারেননি। গত বছর থেকে অবশ্য ভাল ফর্মে রয়েছেন সার্থক।

‘বাহুবলী’ বাবাও সম্ভবত তাঁর সাফল্যের আলোয় নতুন ভাবে পরিচিত হতে চাইছেন। শুক্রবার অনুশীলন ম্যাচে ছেলের ৩৭ রানের আগ্রাসী ইনিংসের কথা জেনে উচ্ছ্বাস গোপন করেননি পাপ্পু। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘অভিনন্দন বেটু। ভাল করে খেল। নিজের প্রতিভার জোরে নিজের পরিচয় তৈরি কর। এ বার থেকে সার্থকের নামেই আমরা পরিচিত হব।’’

কেকেআরের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম সার্থকের। তবে অনুশীলনে যে ফর্মে রয়েছেন, তাতে নায়ার, রাহানেদের হাতে বিকল্প বাড়বে। রাহানের নেতৃত্বাধীন পার্পল নাইটসের বৈভব, মুজ়ারাবানি, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগীদের বিরুদ্ধে ক্রিকেটার সার্থকের সাফল্যে খুশি শাহরুখের কেকেআর শিবির।

Advertisement
আরও পড়ুন