ICC T20 World Cup 2026

ভারতের প্রস্তুতি ম্যাচে শরফুদৌল্লা, মুম্বইয়ের মাঠে নির্বিঘ্নে দায়িত্ব পালন বাংলাদেশের আম্পায়ারের

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়নি বাংলাদেশ। বিসিবির আশঙ্কা ছিল, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় করার দাবি করেছিল বিসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭
picture of cricket

শরফুদৌল্লা ইবনে সৈকত। —ফাইল চিত্র।

নিরাপত্তা আশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ ভারতের প্রস্তুতি ম্যাচ নির্বিঘ্নে পরিচালনা করলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত। তৃতীয় আম্পায়ার হিসাবে নয়, বুধবার পুরো সময়টাই মাঠে ছিলেন তিনি।

Advertisement

ভারতে এলে বাংলাদেশের ক্রিকেটার, কর্তা, সমর্থকদের নিরাপত্তা সমস্যা হতে পারে। এই আশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি করেছিল বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বহু চেষ্টা করেও বিসিবি কর্তাদের রাজি করাতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে হচ্ছে বিশ্বকাপ।

সেই বাংলাদেশের দুই আম্পায়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাঁদের অন্যতম আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচের অন্যতম ‘অনফিল্ড’ আম্পায়ার ছিলেন তিনি। কোনও রকম সমস্যা ছাড়াই দক্ষতার সঙ্গে গোটা ম্যাচ পরিচালনা করেছেন তিনি। নিরাপত্তাজনিত কোনও সমস্যায় পড়তে হয়নি। এ দিনের ম্যাচটি ছিল নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বইয়ে।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার পরই ভারতে দল পাঠানো নিয়ে বেঁকে বসে বাংলাদেশ। সেই বিতর্ক শুরু হওয়ার পর শরফুদৌল্লা এই প্রথম ভারতে এসেছেন, তা নয়। এর আগে ভারত-নিউ জ়িল্যান্ডের এক দিনের সিরিজ়ের দায়িত্বেও ছিলেন শরফুদৌল্লা। ওই সিরিজ়ে তিনি তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেছিলেন। নিরাপত্তাজনিত সমস্যা সে বারেও হয়নি। এ দিন মাঠে নেমে দায়িত্ব পালন করলেন। এ দিনও নির্বিঘ্নেই কাজ করেছেন বাংলাদেশের আম্পায়ার।

Advertisement
আরও পড়ুন