Ajit Agarkar

আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চান আগরকর, প্রধান নির্বাচকের অনুরোধ নিয়ে আলোচনায় বোর্ড

আইপিএলের আগে এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে আরও এক বছর দায়িত্বে থাকতে চাইছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:৩৮
cricket

প্রধান নির্বাচক অজিত আগরকর। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতের কোনও ম্যাচ নেই। শুরু হবে আইপিএল। তার আগেই এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে।

Advertisement

আগরকর দায়িত্বে থাকাকালীন দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, তাঁকে যাতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হয় তার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন আগরকর। এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্ত আলোচনা হয়েছে। আপাতত হাতে ভাল কোনও বিকল্প না থাকায় আগরকরের অনুরোধে রাজি হয়ে যেতে পারে বোর্ড। কিন্তু সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এক দিনের বিশ্বকাপ রয়েছে। বোর্ডের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পশ্চিমাঞ্চলের আর এক ক্রিকেটার নাকি প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন। তবে খুব বেশি জোর নেই তাঁর দাবিতে। আগরকরের অনুরোধ মেনে নেওয়ার আগে সেই প্রার্থীর সঙ্গেও এক বার আলোচনা করতে পারে বোর্ড।

২০২৩-এর জুন থেকে প্রধান নির্বাচক পদে রয়েছেন আগরকর। রাহুল দ্রাবিড়ের পর এখন তিনি কাজ করছেন গৌতম গম্ভীরের সঙ্গে। প্রাক্তন ওপেনারের সঙ্গে আগরকরের সম্পর্ক ভাল। দু’জনের দর্শনই একই রকম। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল অপরাজেয় হয়ে উঠেছে। তবে টেস্টে প্রত্যাশিত সাফল্য পায়নি। এখন দেখার, আরও বেশি দিন আগরকরকে প্রধান নির্বাচক হিসাবে দেখা যায় কি না।

Advertisement
আরও পড়ুন