IPL 2026

বদলে যাচ্ছে আইপিএলের সময়! গরম ও বৃষ্টির হাত থেকে বাঁচতে নতুন ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রতি বছর আইপিএলের সময় এক বা একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আবার অত্যধিক গরমে সমস্যা হয় ক্রিকেটারদের। ফলে নতুন ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:০২
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

দু’দিন আগে শেষ হয়েছে এ বারের আইপিএল। এখন থেকেই পরের বারের ভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি বছর আইপিএলের সময় এক বা একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আবার অত্যধিক গরমে সমস্যা হয় ক্রিকেটারদের। ফলে আইপিএল শুরুর সময় বদলের কথা ভাবছে বোর্ড।

Advertisement

২০২৬ সালের আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আরও কয়েকটি ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। বাকি সময়ে গরমে সমস্যা হয়েছে ক্রিকেটারদের। বিশেষ করে দুপুরের খেলায় ক্রিকেটারদের পায়ে টান ধরেছে। শরীরে জলশূন্যতা দেখা গিয়েছে। গরমে সমস্যা হয়েছে দর্শকদেরও।

ফলে আইপিএল শুরুর সময় বদলের কথা ভাবছে বোর্ড। প্রতিযোগিতা আরও আগে শুরুর কথা ভাবছে তারা। ‘হিন্দুস্তান টাইমস’-কে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেন, “মাঝে বিরতির জন্য গত বছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। এ বারও প্রতিযোগিতা ৩১ মে পর্যন্ত চলল। কয়েকটা জায়গায় অত্যধিক গরম ও বৃষ্টির প্রভাব পড়েছে। তাই ভাবছি, যদি আরও ১৫ দিন আগে প্রতিযোগিতা শুরু করা যায়।”

শইকীয়া জানিয়েছেন, আগে শুরু করলে আগে প্রতিযোগিতা শেষ হবে। তাতে গরম ও বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। তিনি বলেন, “এ বার ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। পরের বছর চেষ্টা করব, ১৫ মার্চ শুরু করার। তা হলে ১৫ মে-র মধ্যে আইপিএল শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সেই সময় গরমও বাড়ে। তার প্রভাব ক্রিকেটার ও দর্শকদের উপর পড়ে। সেটা আর পড়বে না। তবে আপাতত সব ভাবনার পর্যায়ে আছে। এখনও কিছু ঠিক হয়নি।”

তবে এখনই আইপিএল আরও বড় হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন শইকীয়া। তিনি বলেন, “লিগ আরও লম্বা হওয়ার সম্ভাবনা এখন নেই। কারণ, দল বাড়াতে গেলে বা ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক সূচিও রয়েছে। ফলে আমাদের উপরই পুরোটা নির্ভর করছে না। ২০২৭ সালের পর এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

Advertisement
আরও পড়ুন