IPL 2026

আইপিএলে এ বার নিয়ম ভাঙলেই কড়া শাস্তি, প্লে-অফের মাঠ জানানো হবে দ্রুত, জানালেন বোর্ড সচিব শইকীয়া

আইপিএলে সাম্প্রতিক কালে দু’বার বিতর্কে জড়িয়েছে রাজস্থান রয়্যালস। জোড়া ঘটনায় একেবারেই খুশি নয় বোর্ড। এ বার কোনও দল নিয়ম ভাঙলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়ে রাখলেন সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২৩:৩৪
সাজঘরে রিয়ান পরাগের ধূমপান করার মুহূর্ত।

সাজঘরে রিয়ান পরাগের ধূমপান করার মুহূর্ত। — ফাইল চিত্র।

আইপিএলে সাম্প্রতিক কালে দু’বার বিতর্কে জড়িয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে ম্যানেজার রোমি ভিন্দর মোবাইল ব্যবহার করেছেন ডাগআউটে বসে। এর পর রিয়ান পরাগকে সাজঘরে ধূমপান করতে দেখা গিয়েছে। এই ঘটনায় একেবারেই খুশি নয় বোর্ড। এ বার কোনও দল নিয়ম ভাঙলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়ে রাখলেন সচিব দেবজিৎ শইকীয়া। এ দিন তিনি জানিয়েছেন, দ্রুত ঠিক করা হবে প্লে-অফের মাঠ।

Advertisement

রাজস্থানের কাজকর্মে খুশি নয় বোর্ড। তাদের মতে, আইপিএলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের ঘটনায়। দেবজিৎ বলেছেন, “যে সব দল নিয়ম ভাঙছে তাদের কী ভাবে শাস্তি দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। আমরা নিশ্চিত ভাবে ব্যবস্থা নেব। দলগুলোর আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন শর্ত ও প্রোটোকল নির্ধারণ করার কাজ চলছে।”

শুধু কর্তা বা ক্রিকেটার নয়, গোটা দলকেই নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন দেবজিৎ। তাঁর কথায়, “শুধু কর্তা বা ক্রিকেটারদের দোষ নয়। দল হিসাবে সঠিক সংস্কৃতি মেনে চলা প্রতিটা দলের কর্তব্য, যাতে আইপিএলের ভাবমূর্তি কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এটা নিশ্চিত করতেই আমাদের কোনও না কোনও ব্যবস্থা নিতে হবে।”

আইপিএলের গ্রুপ পর্ব ধীরে ধীরে শেষ হওয়ার পথে। এখনও ঠিক নয় প্লে-অফ কোথায় হবে। তা নিয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন দেবজিৎ। শোনা যাচ্ছে গত বারের দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পঞ্জাবের ঘরের মাঠে প্লে-অফ হবে। তবে দেবজিৎ বলেছেন, “আপনারা আন্দাজ করতেই পারেন। তবে আমি কোনও উত্তর দেব না। দু’দিনের মধ্যে সব জানতে পারবেন।”

এ বারের আইপিএলে প্রশ্ন উঠেছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে। এই নিয়মের কারণেই না কি প্রচুর রান হচ্ছে। যদিও দেবজিৎ জানিয়েছেন কোনও দলের প্রতিবাদ তাদের কাছে আসেনি। দেবজিতের কথায়, “কম রানের ম্যাচও তো হচ্ছে। সব সমর্থকেরাই ম্যাচ উপভোগ করছে। বোলারেরা ভাল পিচও পাচ্ছে। কিছু দল কম রান করেছে। আবার কেউ ২৬০ রান তাড়া করেও জিতেছে। তবে এ বছরের আইপিএলের শেষে আমরা এই নিয়ম নিয়ে পর্যালোচনা করব। প্রতিযোগিতার মাঝে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।”

Advertisement
আরও পড়ুন