Sunrisers Leeds

আবরার বিতর্কে অবশেষে মুখ খুলল ভারতীয় বোর্ড, সানরাইজার্সের সিদ্ধান্ত নিয়ে কী বললেন সহ-সভাপতি শুক্ল

‘দ্য হান্ড্রেড’-এর দলে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস কর্তৃপক্ষ পাকিস্তানের আবরার আহমেদকে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৪৬
picture of cricket

(বাঁ দিকে) আবরার আহমেদ এবং রাজীব শুক্ল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দয়ানিধি মারানের সান গোষ্ঠীর মালিকানাধীন সানরাইজার্স লিডস দলে নিয়েছে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে। বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেড’-এক নিলামের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কাব্য মারানদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের অভিযোগ, জাতীয় আবেগের বিরুদ্ধে গিয়ে পাক ক্রিকেটারকে দলে নিয়েছেন তাঁরা। বিতর্ক ক্রমশ বেড়ে চলায় মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা দিয়ে কেন আবরারকে দলে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি। তাতেও বিতর্ক কমেনি। অবশেষে এই বিতর্কে মুখ খুলল বিসিসিআই। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছেন, ‘‘আমাদের অধিকার আইপিএলের মধ্যে সীমাবদ্ধ। অন্য দেশের লিগে কে কী করেছে, তা নিয়ে আমাদের কিছু করার নেই। অন্য দেশের লিগের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বিদেশের লিগে সেখানকার একটি দল কোনও ক্রিকেটারকে সই করালে আমরা কী করে হস্তক্ষেপ করব? এটা সেই দলের ব্যাপার। যে ফ্র্যাঞ্চাইজ়ি বিদেশে দল কিনেছে, সম্পূর্ণ তাদের ব্যাপার।’’

শুক্ল আরও বলেছেন, ‘‘বিদেশের কোনও লিগে সেখানকার কোনও দল যে দেশেরই ক্রিকেটার নিক, তা নিয়ে আমরা কেন ভাবতে যাব? আইপিএলে তো আর খেলছে না।’’ শুক্ল পরিষ্কার জানিয়েছেন, ভারতীয় সংস্থার বিদেশি লিগের দলে আবরারের খেলা নিয়ে তাঁরা একটুও উদ্বিগ্ন নন। আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ির সহযোগী সংস্থার কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন বোর্ডের কর্তারা।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য বিষয়টি মানতে পারছেন না। সমাজমাধ্যমে সানরাইজার্স লিডস কর্তৃপক্ষকে নানা কটাক্ষ করা হচ্ছে। তাঁদের রোষ থেকে বাদ যাচ্ছেন না কাব্যও। আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার কথাও বলছেন অনেকে। বিতর্ক বাড়তে শুরু করায় ‘এক্স’ কর্তৃপক্ষ সানরাইজার্স লিডসের অ্যাকাউন্ট নিলম্বিত (সাসপেন্ড) করে দেন।

Advertisement
আরও পড়ুন