IPL 2026

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম পছন্দ নয়, বোর্ডকে সাফ জানালেন আইপিএল অধিনায়কেরা, ১০ ওভার পরেই বল বদলের দাবি, ক্যাচ নিয়ে নতুন নির্দেশ

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক থামছেই না। আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে এই নিয়মের বিরোধিতা করলেন আইপিএলের বেশির ভাগ অধিনায়কই। পাশাপাশি, ১০ ওভার পরে নতুন বল দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২২:৩১
cricket

আইপিএল ট্রফির সঙ্গে দশ দলের অধিনায়ক। ছবি: সমাজমাধ্যম।

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক থামছেই না। আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে এই নিয়মের বিরোধিতা করলেন আইপিএলের বেশির ভাগ অধিনায়কই। বোর্ডকর্তাদের সে কথা স্পষ্ট ভাবে জানিয়েও দিয়েছেন। পাশাপাশি, ১০ ওভার পরে নতুন বল দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এ দিকে, ক্যাচ নিয়ে নতুন একটি নির্দেশিকা অধিনায়কদের জানিয়েছে বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “বেশির ভাগ অধিনায়কই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। নিজেদের অসুবিধার কথা বলেছে। তবে বোর্ডও জানিয়েছে, ২০২৭ পর্যন্ত এই নিয়ম থাকছেই। এখন কোনও বদলই হবে না নিয়মে। ২০২৭-এর পর ভেবে দেখা হবে।”

উল্লেখ্য, দু’দিন আগেই দিল্লির অধিনায়ক অক্ষর পটেল বলেছিলেন, “আমি নিজে একজন অলরাউন্ডার। তাই এই নিয়ম পছন্দ নয়। আগে আমরা নির্দিষ্ট ভূমিকার জন্য (ব্যাটিং এবং বোলিং) অলরাউন্ডারদের বেছে নিতাম। এখন দলগুলো ব্যাটার বা বোলারদের বেছে নেয়। ওরা বলতেই পারে, কেন অলরাউন্ডার নেব দলে? নিজে অলরাউন্ডার হওয়ায় এই নিয়ম পছন্দ করি না। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা মানতেই হবে। তবে ব্যক্তিগত ভাবে এই নিয়ম পছন্দ নয়।”

এ দিকে, শিশিরের প্রভাব রুখতে গত বছর বোর্ড নিয়ম করেছিল দ্বিতীয় ইনিংসের ১০ ওভার হওয়ার পর বল বদলানো হবে। বুধবার এক অধিনায়ক দাবি তোলেন, প্রথম ইনিংসেও ১০ ওভার বল বদল করা হোক। সূত্রের কথায়, “ওই অধিনায়কের এই প্রস্তাব প্রায় কারও কাছেই গৃহীত হয়নি। সাধারণত দ্বিতীয় ইনিংসেই শিশিরের প্রভাব থাকে। তাই এখনকার নিয়মই বহাল থাকছে।”

বোর্ডও ক্যাচ নেওয়া নিয়ে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে। তারা জানিয়েছে, তালুবন্দি করার পর বল এবং শরীর সংশ্লিষ্ট ক্রিকেটারের নিয়ন্ত্রণে থাকলে তবেই সেটি বৈধ ক্যাচ হিসাবে গণ্য করা হবে। বল প্রথমে ধরার পর থেকে শুরু করে ওই ক্রিকেটারের নিয়ন্ত্রণে বল এবং শরীর পুরোপুরি আসা পর্যন্ত ক্যাচ ধরার প্রক্রিয়াটি চলবে। গত বারের কয়েকটি ক্যাচ দেখানো হয়, যেগুলি বোর্ডের বিচারে অবৈধ। এ বার নতুন নির্দেশিকা স্পষ্ট ভাবে মানা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন