IPL 2026

১৬৬৬০ কোটি টাকায় বিক্রি হওয়া বেঙ্গালুরুর থেকে ০.৫ শতাংশ অর্থ চাইল ক্রিকেটখেলিয়ে একটি দেশ!

মঙ্গলবার বড় অর্থে আইপিএলের দল বেঙ্গালুরু বিক্রি হয়ে গিয়েছে। ১৬,৬৬০ কোটি টাকা দামে কেনা হয়েছে বিরাট কোহলির দল। সেই অর্থের ০.৫ শতাংশ চাইলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ফান মিরেকেন। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:৩০
cricket

আইপিএল জয়ী আরসিবি দল। — ফাইল চিত্র।

মঙ্গলবার বড় অর্থে আইপিএলের দল বেঙ্গালুরু বিক্রি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ১৬,৬৬০ কোটি টাকা দামে কেনা হয়েছে বিরাট কোহলির দল। সেই অর্থের ০.৫ শতাংশ চাইলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ফান মিরেকেন। তাঁর দাবি, ওই অর্থ পেলেই তাঁর দেশ বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে ফারাক অনেকটা কমিয়ে নিতে পারবে। নেদারল্যান্ডসের ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়েও দিতে পারবে।

Advertisement

অঙ্কের হিসাবে ১৬,৬৬০ কোটির ০.৫ শতাংশ হয় আনুমানিক ৮৩ কোটি টাকা। মিরেকেন সমাজমাধ্যমে লিখেছেন, “ওরা যদি ওই অর্থের ০.৫ শতাংশও নেদারল্যান্ডস ক্রিকেটকে দিত তা হলে আমরা পূর্ণ সদস্যের দেশগুলোর সঙ্গে ফারাক কমিয়ে ফেলতে পারতাম এবং খেলাটাকে আরও বেশি জায়গায় ছড়িয়ে দিতে পারতাম।”

উল্লেখ্য, ভারতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলে চমকে দিয়েছে নেদারল্যান্ডস, জ়িম্বাবোয়ে, নেপালের মতো দেশগুলি। জ়িম্বাবোয়ে হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশকে। নেপাল প্রায় হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। বিশ্বকাপের সময়ই নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছিলেন, “যে ভাবে সহযোগী সদস্য দেশগুলো খেলেছে তা অসাধারণ। আশা করি টেস্ট খেলিয়ে দেশগুলো এ বার বিশ্বকাপের বাইরেও সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে খেলার চেষ্টা করবে।”

উল্লেখ্য, বেঙ্গালুরু দলটি কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। সেখানে রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজ়ার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। আরসিবি বিক্রির সরকারি ঘোষণা অবশ্য হয়নি। মনে করা হচ্ছে,বর্তমান মালিক পক্ষের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়ে গেলে সরকারি ভাবে ঘোষণা করা হবে। মানিকন্ট্রোলের দাবি অনুযায়ী, দু’পক্ষের মধ্যে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে।

দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তাঁরা দায়িত্ব নেবেন। এত দিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র কর্মকাণ্ড সামলাতো দিয়াজিও।

আরসিবি কেনার লড়াইয়ে ছিল সুইডেনের সংস্থা ইকিউটি এবং মণিপাল হাসপাতাল গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টয়াম। ওই কনসোর্টিয়ামে ছিল আমেরিকার সংস্থা কোহ্‌লবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজ়ার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা প্রথম দিকে আরসিবি কেনার ব্যাপারে আগ্রহ দেখালেও পরে সরে যান। বরং আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম শেষ দিকে এই লড়াইয়ে ঢোকে। রাজস্থান রয়্যালস কেনা সম্ভব হবে না বুঝতে পেতে সর্বশক্তি দিয়ে তারা আরসিবি কিনতে ঝাঁপায়। শেষ হাসি তারাই হাসল।

Advertisement
আরও পড়ুন