IPL 2026

কেকেআরের বিরুদ্ধে রবিবার প্রথম ম্যাচে খেলতে পারবেন বুমরাহ? জানা গেল ভারতীয় পেসারের আইপিএল ভবিষ্যৎ

আগামী রবিবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে জসপ্রীত বুমরাহ হঠাৎই বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। তা মিটল বুধবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৯:৩৫
cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

আগামী ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে জসপ্রীত বুমরাহ হঠাৎই বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। তা মিটল বুধবার। জানা গিয়েছে, বুমরাহ দ্রুত মুম্বই শিবিরে যোগ দেবেন। প্রথম ম্যাচ খেলা নিয়ে কোনও সংশয় নেই।

Advertisement

জানা গিয়েছে, আইপিএল এবং তার পরে বুমরাহকে অনেকগুলি ম্যাচ খেলতে হবে। সাদা বলের সিরিজ়ের পাশাপাশি টেস্ট সিরিজ়ও রয়েছে। তার আগে বুমরাহের ধকল নিয়ন্ত্রণ পরীক্ষা করে দেখার জন্য তাঁকে উৎকর্ষ কেন্দ্রে ডাকা হয়েছে। সেখানে চিকিৎসক এবং ফিজিয়োদের সামনে বল করছেন তিনি। এর পরেই ঠিক হবে বুমরাহের শরীর কতটা ধকল নিতে পারবে।

বুমরাহ গত কয়েক দিন ধরেই উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। সেখানে নিয়মিত বলও করছেন তিনি। পাশাপাশি শক্তি বাড়ানো এবং নিয়ন্ত্রণ নিয়েও কাজ করতে হচ্ছে তাঁকে। দু’-এক দিনের মধ্যেই মুম্বই শিবিরে যোগ দিতে পারেন। ফলে কেকেআর ম্যাচ খেলার জন্যও হাতে সময় থাকছে।

আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। ১৪৮টি ম্যাচে ১৮৬টি উইকেট রয়েছে তাঁর। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। এ বার মুম্বইয়ের পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, শার্দূল ঠাকুর, দীপক চহার, করবিন বশ, হার্দিক পাণ্ড্য, অশ্বনী কুমার এবং মহম্মদ সালাহউদ্দিনের মতো ক্রিকেটার রয়েছেন। তবে নজর থাকবে বুমরাহের দিকেই।

Advertisement
আরও পড়ুন