Sanju Samson IPL Trade

সঞ্জুকে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের! দলবদলের জল্পনা আরও বাড়াল ধোনিদের দল

আইপিএলের নিলামের আগে জল্পনা চলছে যে, রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন সঞ্জু স্যামসন। সেই জল্পনা আরও বাড়িয়ে দিল চেন্নাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:৪৬
cricket

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) ও সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

আগামী মাসে আইপিএলের ছোট নিলাম। তার আগে শুক্রবার ১০ দলকে জানাতে হবে কাদের ধরে রাখল তারা। এর মাঝেই দলবদলের জল্পনাও চলছে। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন সঞ্জু স্যামসন। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে চেন্নাই।

Advertisement

মঙ্গলবার সঞ্জুর জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই। সমাজমাধ্যমে সঞ্জুর একটি ছবি দিয়ে তারা লিখেছে, “সঞ্জু তোমার উন্নতি কামনা করি। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।” উল্লেখ্য, চেন্নাই সঞ্জুর যে ছবি দিয়েছে সেখানে ভারতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে। রাজস্থান রয়্যালসের জার্সিতে নয়। চেন্নাই হয়তো ইঙ্গিত দিতে চেয়েছে যে, আর রাজস্থানের জার্সিতে দেখা যাবে না সঞ্জুকে।

পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সাধারণত, আইপিএলের এক দল অন্য দলের ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছা জানায় না। এ ক্ষেত্রে কেন রাজস্থানের সঞ্জুকে শুভেচ্ছা জানাল চেন্নাই? তারা হয়তো বুঝিয়ে দিল, আগামী আইপিএলে হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটারকে।

সঞ্জুকে ছাড়ার বিষয়ে চেন্নাই ও রাজস্থানের মধ্যে কথা অনেকটা এগিয়ে গিয়েছে। সঞ্জুর বদলে চেন্নাইয়ের কাছ থেকে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেনকে চেয়েছে রাজস্থান। তাতে রাজি চেন্নাই। তবে জাডেজার সম্মতির পরেই তাঁকে ছাড়া হবে বলে জানিয়েছে চেন্নাই।

এই জল্পনার মাঝেই রাজস্থানের নতুন বায়নার কথা শোনা গিয়েছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, কারেনের বদলে অন্য এক বিদেশিকে ছাড়ার দাবি করেছে রাজস্থান। তাদের নতুন দাবি, জাডেজার সঙ্গে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছাড়তে হবে। যা খবর, তাতে রাজস্থানের এই দাবি মানবে না চেন্নাই। জাডেজা ও কারেনকে ছাড়তে রাজি হলেও পাথিরানাকে কোনও ভাবেই ছাড়তে রাজি নন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই বিষয়ে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ধোনি। অন্য কোনও বিকল্প বার করা যায় কি না ভেবে দেখছেন তাঁরা।

জাডেজা তাঁর আইপিএল কেরিয়ারে সবচেয়ে বেশি দিন খেলেছেন চেন্নাইয়ে। তবে তাঁর শুরুটা হয়েছিল রাজস্থানে। প্রথম বছর রাজস্থানের হয়েই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। অন্য দিকে রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন সঞ্জু। অধিনায়কত্বও করেছেন। তবে গত মরসুমের পরেই সঞ্জু জানিয়েছিলেন, এ বার দল বদলাতে চাইছেন তিনি। তার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছে। সেই আবহেই এ বার শোনা গিয়েছে রাজস্থানের নতুন বায়নার কথা।

Advertisement
আরও পড়ুন