ছবি: এক্স থেকে নেওয়া।
এ পাশ-ও পাশ দুলছে। মাটিতে ক্রিকেট বলের মতো ‘ড্রপ’ খাচ্ছে বিপজ্জনক ভাবে। বৃহস্পতিবার সকালে জাপানে শক্তিশালী ভূকম্পনে একটি বাড়ির তেমনই দৃশ্য প্রকাশ্যে এল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভূমিকম্পের কারণে তীব্র ভাবে কেঁপে উঠছে ভবনটি। এক পর্যায়ে বাড়িটির বাইরের দেয়ালের কিছু অংশ খসে নীচে রাস্তায় আছড়ে পড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামানাশি প্রিফেকচারের ফুজিওশিদা শহরে ক্যামেরাবন্দি করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভবনটি এতটাই তীব্র ভাবে কাঁপছিল যে মনে হচ্ছিল সেটি মাটি থেকে কিছুটা উপরে লাফিয়ে উঠছে এবং এর গা থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছে। জাপানি টেলিভিশন চ্যানেলগুলি স্থানটিকে ‘নানোকাচি শপিং স্ট্রিট’ হিসাবে শনাক্ত করেছে এবং জানিয়েছে যে কম্পনের ফলে দু’দিকে বিপজ্জনক ভাবে দুলছিল বাড়িটি। মাটিতে ড্রপ খাচ্ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। কম্পনের অভিঘাতে ভবনটির বাইরের দেওয়ালের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলেও জানা গিয়েছে।
জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জাপানের সাত মাত্রার ‘শিন্ডো’ স্কেলে কম্পনের তীব্রতা যখন ‘৫-লোয়ার’ পর্যায়ে ছিল, তখন এই দৃশ্যটি ধারণ করা হয়। ভূমিকম্পের পরদিন কর্তৃপক্ষ ইয়ামানাশি জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে। সেখানে ভূমিধস এবং জল সরবরাহ ব্যাহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘আরটি’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।