KKR

বুধবার থেকে ইডেনে অনুশীলনে নামল কেকেআর, কোচ অভিষেক বুঝিয়ে দিলেন, জার্সিতে চতুর্থ তারা যোগ করতে হবে

যাঁরা এসেছেন তাঁদের নিয়ে বুধবার ইডেন গার্ডেন্সে প্রথম বার অনুশীলন হল কেকেআরের। তার আগে দলকে দেওয়া বিশেষ বার্তায় কোচ অভিষেক নায়ার স্পষ্ট জানিয়ে দিলেন, জার্সিতে চতুর্থ তারা যোগ করা, অর্থাৎ আরও এক বার ট্রফি জেতাই তাঁদের লক্ষ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২১:১৮
cricket

কেকেআর কোচ অভিষেক নায়ার। ছবি: সমাজমাধ্যম।

সোমবার এবং মঙ্গলবার রাত থেকেই কেকেআরের ক্রিকেটারেরা একে একে শহরে আসা শুরু করেছেন। যাঁরা এসেছেন তাঁদের নিয়েই বুধবার ইডেন গার্ডেন্সে প্রথম বার অনুশীলন হল। তার আগে দলকে দেওয়া বিশেষ বার্তায় কেকেআরের কোচ অভিষেক নায়ার স্পষ্ট জানিয়ে দিলেন, জার্সিতে চতুর্থ তারা যোগ করা, অর্থাৎ আরও এক বার ট্রফি জেতাই তাঁদের লক্ষ্য। তার জন্য দরকার মানসিকতার বদল।

Advertisement

কেকেআর নাইট ক্লাবের প্রকাশিত ভিডিয়োয় দলের নতুন ক্রিকেটারদের স্বাগত জানিয়েছেন অভিষেক। শুরুতেই ডেকেছেন জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানির নাম। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসারকে নিয়ে বলেছেন, “ব্লেসিং, তুমি আমাদের কাছে ‘ব্লেসিং ইন ডিসগাইজ়’ (শাপে বর)। শুনলাম তোমাকে নাকি মুড়ে নিয়ে বাসে তোলা হয়েছে। কেকেআরের দলের ইতিহাসে সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসাবে দলে তোমায় স্বাগত। আশা করি তোমার সময়টা দুর্দান্ত কাটবে। বাকিদের সঙ্গে সময়টা ভাল উপভোগ করো।”

এর পর পালা ছিল ভারতীয়দের। একে একে তেজস্বী দাহিয়া, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, কার্তিক ত্যাগীকে স্বাগত জানান অভিষেক। সার্থককে তিনি ‘নীতিশ রানার মতো দেখতে’ বলে উল্লেখ করেন। দক্ষকে বলেন ‘রহস্য স্পিনার’।

দলের উদ্দেশে বার্তা দেন অভিষেক। বলেন, “আমরা একটা শিবির করেছিলাম, মূলত তারাই এখানে আছে। আমি আজ তোমাদের একটাই বার্তা দিতে চাই। বাকিরা এসে গেলে পুরোটা আলোচনা করব। আপাতত বলতে চাই, আমরা প্রচুর প্রস্তুতি নিয়েছি, পরিশ্রম করেছি। গত দু’মাসে নিজেদের দক্ষতায় শাণ দিয়েছি। অনেক আলোচনা করেছি নিজেদের মধ্যে।”

তিনি কী চান দলের থেকে? অভিষেকের ব্যাখ্যা, “দক্ষতা সকলের রয়েছে। আগামী দশ দিনে সেটা নিয়ে কোনও সমস্যা নেই। তবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যে সমস্ত মুহূর্ত আমরা এই মাঠে এবং একে অপরের সঙ্গে কাটাব, সেখানে একটাই লক্ষ্য থাকবে। তা হল, জিততে হবে, জার্সিতে চতুর্থ তারা জুড়তে হবে। আমাদের শরীর ২৯ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামার আগে আমাদের মনকে সেই লক্ষ্যের জন্য তৈরি করে নিতে হবে।”

Advertisement
আরও পড়ুন