মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনিকে কি আর আইপিএলে খেলতে দেখা যাবে? এ বারের আইপিএলে একটিও ম্যাচে খেলেননি তিনি। আগামী বছর তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত ধোনির হাতেই ছেড়েছে চেন্নাই সুপার কিংস। তবে ধোনিকে জোড়া প্রস্তাব দিয়েছে চেন্নাই। ক্রিকেটার হিসাবে না খেললেও অন্য দুই ভূমিকার মধ্যে একটি বেছে নিতে পারেন তিনি।
চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, তাঁরা চান, ধোনি চেন্নাইয়ের থাকুন। ‘রেভস্পোর্টজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে কাশী বলেন, “ধোনির সঙ্গে এখনও আমাদের কোনও কথা হয়নি। ও নিজেই শেষ সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই নিক না কেন, তাকে আমরা সম্মান জানাব।”
ধোনিকে যে তাঁরা যে কোনও ভূমিকায় পেতে চান, সে কথা স্পষ্ট করে দিয়েছেন কাশী। তিনি বলেন, “চেন্নাইয়ে পাকাপাকি ভাবে ধোনিকে আমরা চাই। সেটা যে কোনও ভূমিকায় হতে পারে। ক্রিকেটার, কোচ, মেন্টর— ধোনি যা চাইবে, সেই ভূমিকাতেই ওকে আমরা দেখতে পারি।” যদিও ধোনি নিজে এখনও পর্যন্ত কিছু বলেননি।
চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে পরিণত করতে ধোনির কতটা ভূমিকা তা জানিয়েছেন কাশী। দলের সিইও বলেন, “ধোনির কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিল রুতুরাজ। ধোনি ও ফ্লেমিং ওকে অনেক পরিণত করেছে। রুতুরাজ এখন অনেক ঠান্ডা মাথায় খেলে। আমি আশা করছি, আগামী দিনে রুতুরাজ দলকে সাফল্য দেবে। তার নেপথ্যে ধোনিরও ভূমিকা রয়েছে।”
চলতি মরসুমে পায়ের পেশির চোটে খেলতে পারেননি ধোনি। তবে বেশ কয়েকটি ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে তাঁকে। চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচেও ধোনি ছিলেন। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেখানেই প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নাকে ধোনি জানিয়েছেন, তাঁর শরীর আর দিচ্ছে না। যদিও সমর্থকদের কথা ভেবে এখনও অবসর ঘোষণা করেননি তিনি। এ বার তাঁর ভবিষ্যৎ তাঁর হাতেই ছাড়ল চেন্নাই।