IPL 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ বলে ৮ ছক্কা! গেলের নজির ভেঙে আইপিএলে জোড়া রেকর্ড বৈভবের

আইপিএলে রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। ভেঙে গেল ২০১২ সালে করা ক্রিস গেলের রেকর্ড। সকলকে ছাপিয়ে গেল ১৫ বছরের ছেলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২০:০৬
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ যে মাত্র ১৬ বলে বাস্তবে করে দেখাবে বৈভব সূর্যবংশী তা বোঝা যায়নি। আইপিএলের এলিমিনেটরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে অর্ধশতরান করল বৈভব। ১৬ বলের মধ্যে আটটি ছক্কা মারল সে। মাত্র ১৬ বলে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিল রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সি ব্যাটার।

Advertisement

এলিমিনেটরে নামার আগে গেলের রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল সাতটি ছক্কা। সেটি ভাঙতে বেশি সময় নেয়নি সে। প্রথম ওভারের শেষ বলে প্যাট কামিন্সকে ছক্কা মারে বৈভব। সেই শুরু। পরের ওভারে ঈশান মালিঙ্গাকে আরও একটি ছক্কা মারে সে। তৃতীয় ওভারে কামিন্সের বলে তিনটি ছক্কা মারে বৈভব। চতুর্থ ওভারে সাকিব হুসেনের বলে আরও তিনটি ছক্কা মারে বৈভব। তৃতীয় ছক্কায় অর্ধশতরান পূর্ণ করে সে। সেই সঙ্গে ভেঙে ফেলে গেলের রেকর্ড।

আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব। ২০১২ সালে গেল মেরেছিলেন ৫৯ ছক্কা। সেটিই ছিল এত দিন রেকর্ড। ১৪ বছর পর সেই রেকর্ড ভাঙল। এই মরসুমে বৈভবের ছক্কার সংখ্যা ৬৫। যদি হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে তা হলে বৈভবের ছক্কার সংখ্যা আরও বাড়তে পারে।

আইপিএলের ফাইনালের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে হায়দরাবাদকে হারাতেই হবে রাজস্থানকে। প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরুর দরকার ছিল তাদের। সেই শুরু রাজস্থানকে দিয়ে দিল বৈভব। পাশাপাশি আইপিএলের নকআউটে দ্রুততম অর্ধশতরানও করল বৈভব। ২০১৪ সালে ওয়ানখেডেতে ১৬ বলে অর্ধশতরান করেছিলেন সুরেশ রায়না। সেই নজির ছুঁয়ে ফেলল বৈভব। অর্থাৎ, মাত্র ১৬ বলে জোড়া রেকর্ড গড়ে ফেলল বিহারের ছেলে।

Advertisement
আরও পড়ুন