IPL 2026

তাঁর নেতৃত্বে পর পর দু’বার ব্যর্থ কেকেআর, তবু অধিনায়কত্ব ছাড়তে নারাজ রাহানে, যুক্তিও দিলেন নাইটদের নেতা

২০২৫ ও ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই আইপিএলে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দু’বারই প্লে-অফে উঠতে পারেনি তারা। তবু অজিঙ্ক রাহানে জানিয়েছেন, পিছু হটবেন না তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৬:৫৮
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

খানিকটা বাধ্য হয়েই তাঁকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। হাতে বিকল্প না থাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ব্রাত্য হয়ে যাওয়া অজিঙ্ক রাহানেকে। ২০২৫ ও ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই আইপিএলে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দু’বারই প্লে-অফে উঠতে পারেনি তারা। তবু রাহানে জানিয়েছেন, পিছু হটবেন না তিনি। অধিনায়কত্ব ছাড়তে নারাজ রাহানে।

Advertisement

কেকেআর আইপিএল থেকে বিদায় নেওয়ার পর সাংবাদিকদের সামনে রাহানে জানিয়েছেন, কঠিন সময়ে পিছিয়ে যাওয়ার মতো মানুষ তিনি নন। রাহানে বলেন, “আমি সারা জীবন এই মানসিকতা নিয়েই ক্রিকেট খেলেছি। আমার কাছে মানসিকতাটাই আসল। আমি কখনও পিছিয়ে যাই না। যখন দল কঠিন পরিস্থিতিতে রয়েছে, তখন অধিনায়কের মানসিকতা কেমন, তার উপর দলের প্রত্যাবর্তন নির্ভর করে। কঠিন সময়ে আমি দলকে ছেড়ে যাব না। আমি দায়িত্ব ছাড়ব না।”

রাহানে জানিয়েছেন, কঠিন সময়ে চাপ সামলানোর ক্ষমতা প্রত্যেকের থাকে না। তাঁদের দলও একটা সময় চাপে পড়েছে। তাঁদের লক্ষ্য এখন ভবিষ্যতের পরিকল্পনা করা। রাহানে বলেন, “হ্যাঁ, চাপ ছিল। এই ধরনের প্রতিযোগিতায় চাপ থাকবেই। সকলে চাপ সামলাতে পারে না। কিন্তু সেই সময় ভয় না পেয়ে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। ৫-৬টা ম্যাচ হারলে চাপ তো হবেই। এখন সেই কথা ভাবলে হবে না। ভবিষ্যতের দিকে তাকাতে হবে।”

চলতি মরসুমে ব্যাট হাতেও খুব একটা ভাল খেলতে পারেননি রাহানে। ১৪ ম্যাচে ২৫.৭৬ গড়ে ৩৩৫ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান করেছেন অধিনায়ক। কেকেআরের হয়ে রাহানে ওপেন করেছেন। তিনি আর একটু ভাল খেলতে পারলে হয়তো ছবিটা অন্য রকম হত। তাই অধিনায়কত্বের পাশাপাশি তাঁর ব্যাটিংয়েরও সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, রাহানেকে বাদ দেওয়া উচিত। যদিও তিনি নিজে থেকে সরতে নারাজ।

এই বার সাত নম্বরে শেষ করেছে কেকেআর। ১৩ পয়েন্ট পেয়েছে তারা। প্রথম ছয় ম্যাচে একটিও জিততে পারেনি কেকেআর। পরের আট ম্যাচের মধ্যে ছ’টি জিতেছে তারা। এক সময় মনে হয়েছিল, দুরন্ত প্রত্যাবর্তনে প্লে-অফে উঠবে কেকেআর। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। সেই কারণেই আরও সমালোচনা হচ্ছে রাহানের।

যা পরিস্থিতি তাতে আগামী মরসুমেও দলে বিশেষ বদলের সম্ভাবনা নেই। তার পরের বছর আবার হবে বড় নিলাম। সেখানে দল গোছানোর সুযোগ পাবে কেকেআর। সেখানে নতুন অধিনায়কের কথা ভাবতে পারে তারা। কিন্তু যা পরিস্থিতি তাতে আগামী বছরও রাহানের নেতৃত্বেই খেলতে হতে পারে কেকেআরকে। রাহানেও হয়তো সেটা জানেন। তাই পিছিয়ে যেতে চাইছেন না তিনি।

Advertisement
আরও পড়ুন