IPL 2026

পর পর ধাক্কা চেন্নাই দলে! ধোনির পর এ বার চোটে ব্রেভিস, প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত ‘বেবি এবি’

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে পর পর চোটের খবর পাওয়া যাচ্ছে চেন্নাই শিবিরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:৪৮
cricket

ডেওয়াল্ড ব্রেভিস। ছবি: এক্স।

মহেন্দ্র সিংহ ধোনির পর ডেওয়াল্ড ব্রেভিস। পর পর চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা চোট পাচ্ছেন। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে সমস্যায় তারা। ধোনির পর এ বার ব্রেভিসও চোট পেয়েছেন।

Advertisement

‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, ব্রেভিসের পেশিতে টান লেগেছে। ফলে চেন্নাইয়ের প্রথম দু’-তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। গত বার মরসুমের মাঝপথে ব্রেভিসকে সই করিয়েছিল চেন্নাই। বাকি মরসুমে ভাল খেলেছিলেন তিনি। সেই কারণে এ বার তাঁকে ধরে রেখেছে চেন্নাই। কিন্তু প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

বিশ্বক্রিকেটে ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস। তাঁর ব্যাট করার ধরন অনেকটা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের মতো। মাঠের চার দিকে বড় শট মারতে পারেন। সেই কারণে ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে ‘বেবি এবি’ বলে ডাকা হয় তাঁকে। এ বারের আইপিএলে চেন্নাই ভরসা করেছিল ব্রেভিসের উপর। কিন্তু শুরুতে পাওয়া যাবে না তাঁকে।

এর আগে ধোনির চোটের খবর সামনে এসেছে। সিএসকে সূত্রে খবর, কঠোর অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন ধোনি। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরো সুস্থ হয়ে মাঠে নামতে তিন সপ্তাহ লাগবে তাঁর। সাধারণত পায়ের পেশিতে চোট লাগলে দু’সপ্তাহে সুস্থ হওয়া যায়। কিন্তু ধোনির আগে থেকেই পায়ে সমস্যা রয়েছে। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ফলে পুরো সুস্থ হতে আরও বেশি সময় লাগবে তাঁর।

এপ্রিলের শেষ সপ্তাহে ধোনি আবার খেলতে পারবেন বলে জানা গিয়েছে। তার অর্থ, চেন্নাই সুপার কিংসের প্রথম ছ’টি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। চেন্নাইয়ের এই আধিকারিক বলেছেন, “ধোনির না থাকা আমাদের দলের কাছে বড় ধাক্কা। কিন্তু আমাদের সেটা মেনে এগোতে হবে।”

৩০ মার্চ চেন্নাইয়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচ খেলতে গুয়াহাটি যায়নি ধোনি। একটি সূত্র বলেছে, “ধোনি আপাতত বিশ্রাম নিচ্ছেন। ওঁর উপর আমরা চাপ দিচ্ছি না। আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব উনি সুস্থ হয়ে মাঠে ফিরুন।”

চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচ ৩ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। চেন্নাইয়ের তৃতীয় প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ৫ এপ্রিল। চেন্নাইয়ের চতুর্থ ম্যাচ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও ১৮ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। এই ছয় ম্যাচে ধোনি খেলতে পারবেন না। ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার আগে ধোনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

Advertisement
আরও পড়ুন