মাথিশা পাথিরানা। — ফাইল চিত্র।
চলতি মরসুমে একটিও ম্যাচে জিততে পারেনি কলকাতা। হেরেছে পাঁচটিতে। এই অবস্থায় রবিবার রাজস্থানের বিরুদ্ধে ইডেনে নামার আগে সুখবর কেকেআর শিবিরে। শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানার শিবিরে যোগ দেওয়ার দিন ঠিক হয়ে গিয়েছে।
সব ঠিকঠাক থাকলে রবিবার রাজস্থান ম্যাচের আগেই কেকেআর শিবিরে যোগ দিতে পারেন পাথিরানা। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাতে ভারতের বিমান ধরবেন পাথিরানা। সে ক্ষেত্রে রবিবার দুপুরের মধ্যে তিনি কলকাতায় পৌঁছে যেতে পারেন। আর একটি সূত্রে জানা যাচ্ছে, রবিবার ভোরে শ্রীলঙ্কা থেকে ভারতে আসার বিমান ধরবেন। সে ক্ষেত্রেও রাজস্থান ম্যাচের আগে পৌঁছে যেতে পারেন শহরে।
চলতি আইপিএলে সবচেয়ে হতাশ করেছে কেকেআরের বোলিং। হর্ষিত রানার ছিটকে যাওয়া এবং মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ফল হয়েছে সাংঘাতিক। বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, নবদীপ সাইনিরা বিন্দুমাত্র দাগ কাটতে পারছেন না। এমন অবস্থায় পাথিরানা যোগ দিলে বোলিংয়ে শক্তি বাড়বে। কিন্তু তিনি নতুন বলে বল করার পাশাপাশি ডেথ ওভারেও কম রান দেন।
উল্লেখ্য, গুজরাতের কাছে হারের পর দলের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে রাহানে বলেছিলেন, “ম্যাচ হেরে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কথা বলা কঠিন। তবে আমি শুধু ভাল দিকের কথাই বলব। শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার পর ক্যামেরন গ্রিন পাল্টা আক্রমণ করল। চাপের মধ্যে ওর ইনিংস অসাধারণ। ১৮০ রান বাঁচাতে দলের বোলারেরাও নিজেদের সবটা দিল। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেল। সেটাও কম কৃতিত্বের নয়। আমি শুধু ইতিবাচক দিকটা দেখছি।”
পয়েন্ট তালিকায় সকলের শেষে কেকেআর। সেখান থেকে কি উপরে ওঠার আশা রয়েছে? রাহানে বললেন, “এক একটা মরসুম এ রকম হয়। আমরা তিনটে ম্যাচ কাছে গিয়ে হেরেছি। সেগুলো জিততেই পারতাম। আমার মতে, এই পরিস্থিতিতে খুব বেশি ভেবে লাভ নেই। আমরা মাঠে নামব। খেলা উপভোগ করার চেষ্টা করব। আমাদের হাতে যা রয়েছে সেটা করার চেষ্টা করব। দল হিসাবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। ইতিবাচক থেকে প্রথম বল থেকে আক্রমণের চেষ্টা করব।”