IPL 2026

আইপিএলে ফিরতে না ফিরতেই উঠল অবসরের প্রশ্ন, তিন উইকেট নিয়ে জবাব দিল্লির স্টার্কের

তিন মাস পর পেশাদার ক্রিকেটে ফিরে শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছেন। তার পরেই সমালোচকদের এক হাত নিয়েছেন মিচেল স্টার্ক। যাঁরা অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁদের পাল্টা জবাব দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৯:২৩
cricket

উইকেট নিয়ে উল্লাস স্টার্কের। ছবি: পিটিআই।

তিন মাস পর পেশাদার ক্রিকেটে ফিরেছেন তিনি। শুক্রবার আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে তিনটি উইকেটও নিয়েছেন। তার পরেই সমালোচকদের এক হাত নিয়েছেন মিচেল স্টার্ক। যাঁরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে খোঁটা দিয়ে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁদের পাল্টা জবাব দিয়েছেন তিনি।

Advertisement

দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরলেও স্টার্ককে মোটেই অস্বস্তিতে দেখায়নি। প্রথম বলে ছয় খেলেও যথেষ্ট দাপটের সঙ্গে বল করেছেন। পায়ে স্ট্র্যাপ বাধা থাকলেও অসুবিধা হয়নি। অবসরের প্রশ্নে স্টার্ক বলেছেন, “বেশ কিছু বিষয় শুনেছি। পায়ের স্ট্র্যাপ দেখে যদি কেউ ভাবে আমি অবসর নেব তা হলে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই। এখনও ওই জায়গায় পৌঁছইনি আমি। তবে আমি জানি অনেকেই বিভিন্ন কথা বলতে ভালবাসে। ক্রিকেটজীবন এবং সাধারণ মানুষের জীবন অনেক আলাদা।”

বরং ক্রিকেটে ফিরতে পেরে যে অনেকটা স্বস্তি পেয়েছেন সেটা বুঝিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বোলার। স্টার্কের কথায়, “মাকড়সার জাল কেটে বেরিয়ে এসে ক্রিকেটের গতির স্বাদ নিতে পেরেছি। অনেক দিন পর এত ভাল ভাবে দৌড়েছি। মাঠে এসে সতীর্থদের সঙ্গে মজা করেছি। তার আগে অনুশীলন করেছি। খুব ভাল লাগছে এ ভাবে ফিরতে পেরেছি। বেশ কয়েক সপ্তাহ ধরেই বল করছি। স্রেফ নিজের কনুইয়ের উপর একটু বাড়তি খেয়াল রাখছিলাম যাতে সব ঠিকঠাক থাকে।”

স্টার্কের সংযোজন, “তিন মাস ধরে কোনও ব্যাটারকে বল করিনি। আজ যথেষ্ট গতি ছিল আমার বলে। যে যে দক্ষতাগুলো আমার শক্তি সেগুলো ঠিক করার চেষ্টা করছিলাম। যা চেয়েছিলাম তার সবই ঠিক করে করতে পেরেছি। আশা করি ধীরে ধীরে ২০ ওভার বল করার জন্যও তৈরি হয়ে যাব।”

Advertisement
আরও পড়ুন