শাস্তি দুই ক্রিকেটারের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলতি বছর ইংল্যান্ডে আয়োজিত টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় খেলতে পারবেন না সমিত পটেল ও পিটার সিডল। দুই ক্রিকেটারকে এক বছর নির্বাসিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের গোয়ায় একটি প্রতিযোগিতায় খেলতে এসেছিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। সেই কারণে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।
‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গোয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি২০’ লিগে খেলতে এসেছিলেন সমিত ও সিডল। এই প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করে না। সেই কারণেই শাস্তি পেয়েছেন দুই ক্রিকেটার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম, কোনও ক্রিকেট বোর্ডের আওতায় না থাকা প্রতিযোগিতায় অংশ নিলে সেই ক্রিকেটারকে ঘরোয়া প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হবে। সেই নিয়মই দুই ক্রিকেটারের ক্ষেত্রে কার্যকর হয়েছে।
টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার কথা ছিল ৪১ বছরের সিডলের। তিনি যে খেলতে পারবেন না, তা জানিয়ে দিয়েছে ক্লাব। নটিংহ্যামশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট মিক নিওয়েল জানিয়েছেন, সিডল না থাকায় দল ধাক্কা খাবে। কিন্তু বোর্ডের নিয়ম মানতেই হবে। এই পরিস্থিতিতে সিডলের পরিবর্ত খুঁজছেন তাঁরা।
৪১ বছরে সমিতকে অবশ্য এ বারের টি-টোয়েন্টি ব্লাস্টে কোনও দল নেয়নি। গত বছর ডার্বিশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। ২০০৩ সাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি ব্লাস্ট। তার পর থেকে গত বছর পর্যন্ত প্রতি মরসুমে খেলেছেন সমিত ও রবি বোপারা। এ বারের মরসুমে সমিত নেই। বোপারাও সরে দাঁড়িয়েছেন। ফলে দুই ক্রিকেটারকে ছাড়াই হবে এ বারের টি-টোয়েন্টি ব্লাস্ট।