Bizzare Incident in Cricket

বাউন্সারে ছিটকে গেল হেলমেট, হাসপাতালে ব্যাটার! বিপজ্জনক পিচের কারণে বন্ধই হয়ে গেল ম্যাচ, তদন্তে ক্রিকেট বোর্ড

গুড লেংথে বল পড়ে লাফিয়ে উঠে লাগল হেলমেটে। মাটিতে পড়ে গেলেন ব্যাটার। ছিটকে গেল হেলমেট। এই ঘটনায় বন্ধই হয়ে গেল খেলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৫৩
cricket

বাউন্সারের ধাক্কায় মাটিতে পড়ে ব্যাটার। ছবি: এক্স।

খারাপ আলো বা বৃষ্টির কারণে নয়, বিপজ্জনক পিচের কারণে বন্ধ হয়ে গেল খেলা। গুড লেংথে বল পড়ে লাফিয়ে উঠে লাগল হেলমেটে। মাটিতে পড়ে গেলেন ব্যাটার। ছিটকে গেল হেলমেট। হাসপাতালে ভর্তি করাতে হল ওই ব্যাটারকে। ফলে আর ঝুঁকি নেওয়া হয়নি। বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড।

Advertisement

ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ঘরোয়া ক্রিকেটে। স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডের বিরুদ্ধে খেলা চলছিল ত্রিনিদাদ ও টোবাগোর। ত্রিনিদাদের পেসার জেইডেন সিলস একাই ৭ উইকেট নেন। তার পরেই ঘটে সেই ঘটনা। ব্যাট করছিলেন জেরেমিয়া লুইস। সিলসের একটি বল গুড লেংথে পড়ে বিপজ্জনক ভাবে লাফায়। সরাসরি গিয়ে লুইসের হেলমেটে লাগে। লুইস মাটিতে পড়ে যান। হেলমেটও ছিটকে পড়ে।

এই দৃশ্য দেখে ফিল্ডারেরা লুইসের দিকে এগিয়ে যান। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ান লুইস। তার পর হেলমেটে সজোরে লাথি মারেন তিনি। তাতে ফিল্ডারেরা অবাক হয়ে যান। তার পর সাজঘরের দিকে হাঁটেন লুইস। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।

এই ঘটনার পরেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে লিখেছে, “২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ় চ্যাম্পিয়নশিপে লিওয়ার্ড আইল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগোর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামের পিচ বিপজ্জনক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের সময় পিচে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বল লাফিয়ে ব্যাটারের হেলমেটে লাগে। ক্রিকেটারদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই ঘটনায় পিচ প্রস্তুতকারকের সঙ্গেও কথা বলেছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা লিখেছে, “পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা হয়েছে। এই পিচে খেলা হলে ক্রিকেটারেরা চোট পেতে পারেন। এই পিচ খেলার যোগ্য নয়। দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। কেন পিচের এই হাল হল তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়।”

Advertisement
আরও পড়ুন