ICC T20 World Cup 2026

যুদ্ধের জন্য ভারতে আটকে আরও এক দল! সেমিফাইনালে হেরে গিয়েও দেশে ফিরতে পারেনি ইংল্যান্ড, দু’দিন ধরে মুম্বইয়ে হোটেলবন্দি ব্রুকেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরতে সমস্যায় পড়েছে ইংল্যান্ডও। গত রবিবার পর্যন্ত যে দলগুলির খেলা ছিল, তারা সকলেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সমস্যায় পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৪:৫১
picture of cricket

হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স।

জ়িম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দেশে ফিরতে পারছেন না হ্যারি ব্রুক, জস বাটলারেরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য মুম্বইয়েই আটকে রয়েছেন তাঁরা।

Advertisement

নিরাপত্তার কারণে দুবাই বা দোহা হয়ে লন্ডন ফিরতে পারছে না ইংল্যান্ড। গত বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের কাছে হারার পর দু’দিন কেটে গেলেও মুম্বইয়েই রয়েছেন ব্রুকেরা। বিকল্প পথে ইংল্যান্ড দলের ফেরার ব্যবস্থা এখনও করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা। দলকে দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থা করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা যোগাযোগ রাখছেন আইসিসির সঙ্গে। উল্লেখ্য, সেমিফাইনালে হারের পর শুক্রবার লন্ডনের বিমান ধরার পরিকল্পনা ছিল ইংল্যান্ডের।

মার্চের ২৮ তারিখ থেকে শুরু হবে আইপিএল। বাটলার ছাড়াও ফিল সল্ট, জ্যাকব বেথেল, জফ্রা আর্চারেরা বিভিন্ন দলের হয়ে খেলবেন। কয়েক দিন পর তাঁদের আবার ভারতে ফিরতে হবে। তাই দ্রুত দেশে ফিরতে চাইছেন তাঁরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের মাঝের কয়েক দিন পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন ক্রিকেটারেরা।

জ়িম্বাবোয়ে দল আটকে ছিল দিল্লিতে। কয়েক দিন অপেক্ষার পর গত বুধবার থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে জ়িম্বাবোয়ের ক্রিকেটারেরা বিকল্প পথে দেশে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার কয়েক জন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন। বাকিরা বৃহস্পতিবার থেকে কলকাতায় আটকে রয়েছেন। গত সোমবার থেকে আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ও। ড্যারেন স্যামি, শাই হোপদের জন্য চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও তাঁদের যাত্রার সূচি চূড়ান্ত হয়নি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই বা দোহা হয়ে এই মুহূর্তে ফেরা যাচ্ছে না। প্রায় সব দলের জন্যই বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে আইসিসি কর্তাদের।

Advertisement
আরও পড়ুন