ball tampering

বল বিকৃতি বৈধ করে দেওয়া হোক, আইসিসি-র কাছে নিয়ম বদলের দাবি তুললেন ইংরেজ ক্রিকেটার

বল বিকৃতি রুখতে বহু চেষ্টা চালিয়েছে আইসিসি। ধরা পড়লে ক্রিকেটারদের কড়া শাস্তি দেওয়া হয়েছে। সেই বল বিকৃতিকেই বৈধতা দেওয়ার জন্য আইসিসি-র কাছে অনুরোধ করলেন ইংরেজ ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২২:২৯
cricket

বল বিকৃতি বৈধ করার অনুরোধ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বল বিকৃতি রুখতে বহু চেষ্টা চালিয়েছে আইসিসি। ধরা পড়লে ক্রিকেটারদের কড়া শাস্তি দেওয়া হয়েছে। নির্বাসিত করা হয়েছে। অথচ সেই বল বিকৃতিকেই বৈধতা দেওয়ার জন্য আইসিসি-র কাছে অনুরোধ করলেন ইংরেজ ক্রিকেটার। তিনি নিয়ম পুরোপুরি ভাঙার কথা বলেননি। তাঁর মতে, নিয়ম একটু পাল্টানো দরকার যাতে ব্যাট এবং বলের ভারসাম্য থাকে।

Advertisement

বিবিসি-র পডকাস্টে ইংরেজ ক্রিকেটার দাভিদ মালান জানিয়েছেন, বল বিকৃতি বরাবরই হয়ে এসেছে। সেটাকে বন্ধ করার প্রচেষ্টা না করে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা দরকার।

মালানের কথায়, “ঐতিহাসিক ভাবে বছরের পর বছর ধরে ক্রিকেটারেরা বল বিকৃত করতে গিয়ে ধরা পড়েছে। এটা নতুন কিছু নয়। আমার মনে হয় বিষয়টা বৈধ করা উচিত। যেমন বল খোঁটাখুঁটির অধিকার দেওয়া উচিত।”

এর পরেই মালান বলেছেন, “একটা নিয়ন্ত্রণ অবশ্যই থাকতে হবে। বাইরে থেকে আনা কোনও জিনিস দিয়ে বল খোঁটা যাবে না। কী ভাবে খুঁটলে বলের সুবিধা পাওয়া যাবে সেটা ক্রিকেটারকেই ঠিক করতে হবে। রিভার্স সুইংয়ে খুবই দরকার হয় এটা।”

ইংরেজ ক্রিকেটারের মতে, বোলারদের জন্য ক্রিকেট দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে শেষের দিকের ওভারগুলিতে। এক সময়ের আসল অস্ত্র রিভার্স সুইং এখন নিয়মের কারণে প্রায় উঠেই গিয়েছে। বার বার বল পরিবর্তন এবং পিচের পরিস্থিতি ব্যাটারদেরই সুবিধা করেছে। তাই বোলারদের জন্যও আইসিসি-কে ভাবতে অনুরোধ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন