IPL 2026

দল হারলেও তিন নজির অভিষেকের, পাওয়ার প্লে-তে রান তোলার রেকর্ড গড়ল হায়দরাবাদ

শনিবার পঞ্জাবের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। দল হারলেও তিনটি নজির গড়েছেন অভিষেক শর্মা, যিনি এ দিন ২৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২১:০৫
cricket

ছয় মারার মুহূর্তে অভিষেক। ছবি: পিটিআই।

স্কোরবোর্ডে ভাল রান তুলেও শনিবার পঞ্জাবের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। সাত বল বাকি থাকতে ছ’উইকেটে হেরেছে তারা। দল হারলেও তিনটি নজির গড়েছেন অভিষেক শর্মা, যিনি এ দিন ২৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন। পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান তোলার ক্ষেত্রে নজির গড়েছে হায়দরাবাদও।

Advertisement

প্রথম ছয় ওভারের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছেন অভিষেক। তিনি সাতটি ছয় মেরেছেন। এই কৃতিত্ব রয়েছে সনৎ জয়সূর্য (২০০৮), জস বাটলার (২০১৮) এবং জনি বেয়ারস্টোরও (২০২২)। ম্যাচের তৃতীয় ওভারে অর্শদীপ সিংহকে প্রথম ছয়টি মারেন অভিষেক। পঞ্চম বলে আর একটি ছয় মারেন। এর পর বিজয়কুমার বিশাখের ওভারে চারটি ছয় মারেন তিনি। যথাক্রমে প্রথম, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বলে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে জ়েভিয়ার বার্টলেটকে আবার ছয় মারেন অভিষেক।

অভিষেক এ দিন অর্ধশতরান করেন ১৮ বলে। আইপিএলে এই নিয়ে পঞ্চম বার ২০ বা তার কম বলে অর্ধশতরান করলেন তিনি। নিকোলাস পুরানের নজির ভেঙে দিয়েছেন। তিনি চার বার এই কাজ করে দেখিয়েছিলেন।

এ ছাড়া ২৫০ বা তার বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি বার অর্ধশতরান করলেন অভিষেক। পাঁচ বার এই কাজ করলেন তিনি। কায়রন পোলার্ড এবং পুরান চার বার করে এই কীর্তি গড়েছেন।

নজির হয়েছে হায়দরাবাদেরও। আইপিএলে এই নিয়ে তিন বার পাওয়ার প্লে-র মধ্যে ১০০ বা তার বেশি রান তুলল তারা। ২০২৪-এ দিল্লি (১২৫) এবং লখনউয়ের (১০৭) বিরুদ্ধে একশোর বেশি রান তুলেছিল তারা। এই কীর্তি রয়েছে কলকাতা (১০৫, বনাম বেঙ্গালুরু) এবং চেন্নাইয়েরও (১০০, বনাম পঞ্জাব)।

Advertisement
আরও পড়ুন