Ben Stokes Controversy

মধ্যরাতে পানশালায় আবার মারামারি স্টোকসের! সঙ্গী সতীর্থ, বিতর্কে জড়িয়ে কড়া শাস্তির মুখে ইংরেজ অধিনায়ক

আবার বিতর্কে বেন স্টোকস। আরও এক বার পানশালায় মারামারি করেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম ভেঙেছেন অধিনায়ক। শাস্তি পেতে পারেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৩:৫৫
cricket

বেন স্টোকস। —ফাইল চিত্র।

লর্ডসে নিউ জ়িল্যান্ডকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কে জড়িয়েছেন বেন স্টোকস। মধ্যরাতে পানশালায় গিয়েছিলেন স্টোকস ও দলের পেসার গাস অ্যাটকিনসন। সেখানে গিয়ে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে মারামারি করেছেন তাঁরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শাস্তি পেতে পারেন স্টোকস।

Advertisement

এই ঘটনা প্রথম নয়। এর আগে ২০১৭ সালে এমনই এক পানশালায় গিয়ে মারামারি করেছিলেন স্টোকস। পানশালায় হাতাহাতির ঘটনা ঘটিয়েছেন হ্যারি ব্রুকস, বেন ডাকেটের মতো ইংরেজ ক্রিকেটারও। সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, সিরিজ় চলাকালীন পানশালায় যেতে পারবেন না ক্রিকেটারেরা। সেই নিয়ম ভেঙেছেন স্টোকস।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “যে নিয়ম ভাঙা হয়েছে তার তদন্ত করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল এখন ঘোষণা করা হচ্ছে না। নির্দিষ্ট সময়ে তা ঘোষিত হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভোররাত পর্যন্ত পানশালায় ছিলেন স্টোকস ও অ্যাটকিনসন। সেখানেই এই ঘটনা ঘটেছে। আমরা তথ্য সংগ্রহ করছি। তার পর রিপোর্ট জমা দেওয়া হবে।”

জানা গিয়েছে, নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন স্টোকস ও অ্যাটকিনসন। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে পারেন তাঁরা। তবে যদি ইংল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হয়, তা হলে স্টোকস ও অ্যাটকিনসনকে প্রয়োজন। সেই কারণেই ইংল্যান্ড বোর্ড দোটানায় পড়েছে। শাস্তি না দিলে ক্রিকেটারেরা প্রশ্রয় পাবেন। শাস্তি দিলে দল সমস্যা পড়বে।

জানা গিয়েছে, পানশালায় এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে বিবাদ হয়ে স্টোকসদের। তার পর শুরু হয় হাতাহাতি। সেই সময় ওই রাগবি খেলোয়াড় অ্যাটকিনসনকে ঘুষি মারতে যান। সেটি লাগে স্টোকসদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির মুখে। তাঁর মুখে সেলাই পড়েছে। অর্থাৎ, ঘটনা খুব ছোট নয়। তারই তদন্ত করছে বোর্ড।

Advertisement
আরও পড়ুন