চোট পাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি: এক্স।
গুরুতর চোট পেয়েছেন বেন স্টোকস। অনুশীলনে বলের আঘাতে রক্তাক্ত ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। চোট পাওয়ার পর নিজের ছবি নিজেই পোস্ট করেছেন স্টোকস। সেখানে দেখা যাচ্ছে, তাঁর চোখে কালশিটে পড়েছে। নাক ভেঙেছে। গাল ও ঠোঁট ফেটেছে। নাকে একটি তুলো গোঁজা রয়েছে স্টোকসের। তবে কোথায় অনুশীলন করতে গিয়ে স্টোকসের চোট লেগেছে তা জানা যায়নি।
আঘাত পেলেও তা নিয়ে মজা করেছেন স্টোকস। ছবিতে তাঁর হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছে, যন্ত্রণা সামলে নিয়েছেন। ক্যাপশনে স্টোকস লেখেন, “অনুশীলন করতে গিয়ে এই হাল। আপনাদের ক্রিকেট বলটার অবস্থা দেখা উচিত ছিল।” একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি। অর্থাৎ, স্টোকস বোঝাতে চেয়েছেন, বলের আঘাতে তিনি যতটা আহত হয়েছেন, তার চেয়েও খারাপ অবস্থা সেই বলটির। সমাজমাধ্যমে সকলে স্টোকসের এই মনের জোরের প্রশংসা করেছেন। তাঁর দ্রুত আরোগ্যেরও কামনা করেছেন সকলে।
এখন ইংল্যান্ডের হয়ে খেলা নেই স্টোকসের। তিনি বর্তমানে জাতীয় দলের হয়ে শুধু টেস্ট খেলেন। সাদা বলের ফরম্যাট খেলেন না। ইংল্যান্ড আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে। জুন মাসে আবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নামার কথা স্টোকসের। মাঝে অনেক দিন বিশ্রাম থাকায় হয়তো নিজেকে অনুশীলনের মধ্যে রাখতে চেয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আর সেটা করতে গিয়েই চোট পেয়েছেন তিনি।
গত দু’মাস সময়টা ভাল যায়নি স্টোকসের। অ্যাশেজ় সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে ১-৪ হেরেছে ইংল্যান্ড। কোনও রকমে চুনকাম হওয়ার হাত থেকে বেঁচেছেন স্টোকসেরা। ইংল্যান্ডের খেলার সমালোচনা হয়েছে দেশের অন্দরেই। সিরিজ়ের মাঝে সমুদ্রসৈকতে গিয়ে স্টোকসদের মদ্যপানের খবর নিয়ে বিতর্কও হয়েছে। সেই ঘটনার তদন্ত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে তদন্তের পর স্টোকসদের দোষ খুঁজে পাওয়া যায়নি। ফলে শাস্তিও পাননি তাঁরা।
সমালোচনা হয়েছে স্টোকসের অধিনায়কত্ব নিয়েও। কারণ, অ্যাশেজ়ের আগে দেশের মাটিতে অনভিজ্ঞ ভারতীয় দলকেও টেস্ট সিরিজ়ে হারাতে পারেনি ইংল্যান্ড। সেই সিরিজ় ড্র হয়েছে। ফলে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের খেলার সম্ভাবনা প্রায় নেই। পর পর চার বার ব্যর্থ ইংল্যান্ড। এর দায় নিতে হচ্ছে স্টোকসকে। খেলা শেষে তাঁর হারের ব্যাখ্যা নিয়েও সমালোচনা হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন স্টোকসের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার, কত তাড়াতাড়ি চোট সারিয়ে উঠতে পারেন স্টোকস।