অর্শদীপ সিংহ। —ফাইল চিত্র।
অর্শদীপ সিংহকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জ়িল্যান্ডের ড্যারেল মিচেলকে বল ছুড়ে মারার অপরাধের জন্য শাস্তি পেতে হল তাঁকে।
ঘটনাটি বিশ্বকাপ ফাইনালের ১১তম ওভারের। অর্শদীপকে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় মারেন মিচেল। পর পর দু’টি বলে ছয় হওয়ার পর একটি ওয়াইড বল করেন অর্শদীপ। ওভারের চতুর্থ বলে রান হয়নি। যদিও দু’টো ছয় খেয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভারতের জোরে বোলার। পঞ্চম বল ফুলটস করেন। আবার ছয় মারার চেষ্টা করেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঠিক মতো হয়নি। তাঁর ব্যাটে লেগে বল চলে যায় অর্শদীপের হাতে। বল তুলে হঠাৎই মিচেলের দিকে ছুড়ে দেন অর্শদীপ। কিউয়ি ব্যাটার সরে যাওয়ার চেষ্টা করেও বল এড়াতে পারেননি। তাঁর বাঁ পায়ের উরুতে দিয়ে লাগে বল। ওই ঘটনায় রেগে যান মিচেল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কিছুটা। আম্পায়ার এবং সূর্যকুমার যাদব মিচেলের কথা বলে এবং দুঃখ প্রকাশ করে পরিস্থিতি সামলান। ওই ঘটনার জন্যই শাস্তি পেতে হল অর্শদীপকে।
আইসিসির নিয়মের ২.৯ ধারায় অর্শদীপ অভিযুক্ত হয়েছেন। এই ধারা অনুযায়ী, কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের উদ্দেশে বল বা অন্য কোনও ক্রীড়া সরঞ্জাম ছোড়া বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। ম্যাচের পর আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তলব করেন অর্শদীপকে। শুনানিতে অপরাধ স্বীকার করে নেন ভারতীয় দলের জোরে বোলার। অর্শদীপকে লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করেন পাইক্রফট। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন। এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দেন। আগামী ২৪ মাসের মধ্যে অর্শদীপ আবার এমন কোনও ঘটনা ঘটালে বড় শাস্তি পেতে হবে তাঁকে।
ম্যাচের পর অবশ্য মিচেলের কাছে গিয়ে বল ছোড়ার জন্য ক্ষমা চেয়েছিলেন অর্শদীপ। দু’জনের মধ্যে মিটমাট হয়ে যায়। তবু শাস্তি এড়াতে পারলেন না বাঁহাতি বোলার।