Pakistan Cricket Team

ছ’মাস পর অবশেষে টেস্ট দলের কোচ পেল পাকিস্তান, বাংলাদেশ সফরের জন‍্য মাসুদের নেতৃত্বে ১৬ জনের দল ঘোষিত

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পর টেস্ট দলের কোচের পদ ছাড়েন আজ়হার মেহমুদ। তার পর থেকে পাকিস্তানের টেস্ট দলের কোনও কোচ ছিল না। শেষপর্যন্ত সরফরাজ় আহমেদকে দায়িত্ব দিল পিসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:২৯
picture of cricket

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেতৃত্ব দেবেন শান মাসুদ। কোচের দায়িত্বে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ় আহমেদ। গত ছ’মাস পাকিস্তানের টেস্ট দলের কোনও কোচ ছিল না।

Advertisement

সরফরাজ়কে টেস্ট দলের কোচ করল পাকিস্তান। কিছু দিন ধরে কোচ হিসাবে শোনা যাচ্ছিল তাঁর নাম। শেষ পর্যন্ত প্রাক্তন অধিনায়ককেই দায়িত্ব দিলেন মহসিন নকভিরা। এত দিন পাকিস্তান শাহিন্সের (‘এ’ দল) দায়িত্বে ছিলেন সরফরাজ়। গত বছর অক্টোবরে ঘরের মাটিতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর টেস্ট দলের কোচের পদ ছাড়েন আজ়হার মেহমুদ। তার পর থেকে পাকিস্তানের টেস্ট দলের কোনও কোচ ছিল না। পাকিস্তানের হয়ে ৫৪ টেস্ট, ১১৭ এক দিনের ম্যাচ ও ৬১ টি-টোয়েন্টি ম‍্যাচ খেলেছেন সরফরাজ়। পাকিস্তানের শেষ আইসিসি ট্রফিও তাঁর অধিনায়কত্বেই এসেছে। ২০১৭ সালে ভারতকে হারিয়ে সেই ট্রফি জিতেছিল পাকিস্তান। টেস্ট দলের ব্যাটিং কোচ আসাদ শফিক এবং বোলিং কোচ উমর গুল।

বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের দলে পাকিস্তান সুযোগ দিয়েছে চার জন নতুন ক্রিকেটারকেও। তাঁরা হলেন আবদুল্লাহ ফজ়ল, আজ়ান আওয়াইস, মুহাম্মদ গাজ়ি ঘোরি এবং আমাদ বাট। ঘোষিত ১৬ জনের দলের অধিকাংশই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ব্যস্ত। তাই বাংলাদেশ সফরে যাওয়ার আগে পাঁচ দিনের একটি প্রস্ততি শিবির করতে চান সরফরাজ়।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজ়ম, হাসান আলি, ইমাম উল হক, খুররম শেহজ়াদ, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ ফজ়ল, আমাদ বাট, মহম্মদ আব্বাস, নোমান আলি, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, আজ়ান আওয়াইস, মুহাম্মদ গাজ়ি ঘোরি (উইকেটরক্ষক), সাউদ শাকিল এবং সলমন আলি।

Advertisement
আরও পড়ুন